
মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেলের সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক বাজারে তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০১ ডলার ছাড়িয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) গ্রিনিচ মান সময় রাত ১টা ১৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩৩ ডলার বা ১ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৫৩ ডলারে দাঁড়ায়।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবহৃত অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও বেড়েছে। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম ১ দশমিক ১১ ডলার বা ১ দশমিক ২৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ৩৯ ডলারে লেনদেন হয়।
বিশ্লেষকেরা বলছেন, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চল থেকে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কাই মূলত আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার পেছনে কাজ করছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর হামলা বাড়ায় তেল সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালিতে পরিস্থিতির আরও অবনতি হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ বড় ধরনের বাধার মুখে পড়তে পারে। এমন আশঙ্কায় বিনিয়োগকারীদের উদ্বেগ বেড়েছে। এর প্রভাব পড়েছে তেলের বাজারেও, ফলে ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত তেলের দাম।



