ইরানের সামরিক সক্ষমতা দুর্বল, এখনো এক-দুটি লক্ষ্যবস্তুতে হামলা বাকি: ট্রাম্প

ইরানের সামরিক সক্ষমতা অনেকটাই ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটির আরও এক বা দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো বাকি রয়েছে বলে জানিয়েছেন তিনি। এর মধ্যে সন্দেহভাজন পারমাণবিক স্থাপনা পিকঅ্যাক্স মাউন্টেনও রয়েছে।
গতকাল শনিবার (৩১ অক্টোবর) ফ্লোরিডায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প।
তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সামরিক শক্তি ও পারমাণবিক কর্মসূচি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাকি লক্ষ্যবস্তুগুলোতেও খুব অল্প সময়ের মধ্যে হামলা চালানো সম্ভব।
ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে আলোচনা এগোচ্ছে। তবে তেহরানের ওপর পুরোপুরি আস্থা রাখা যাচ্ছে না।
এদিকে, ইরানে নতুন করে হামলার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, কূটনৈতিক সমাধানের পথ এখনো খোলা রয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে হামলা চালালে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। বিশেষ করে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর নতুন সামরিক পদক্ষেপের যে হুমকি দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধেও সতর্ক করেছেন তিনি।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধের পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। ট্রাম্প এর আগে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালানোর সম্ভাবনার কথা জানিয়েছিলেন।
সূত্র: আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



