আন্তর্জাতিকসৌদি আরব

সৌদি আরবে আরামকো ভবনে হামলা

সৌদি আরবের রাজধানীতে আরামকোর ভবন লক্ষ্য করে হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলার চেষ্টা হয়েছে। এতে ভবনটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ রোববার (৮ নভেম্বর) সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, আরামকোর ভবন লক্ষ্য করে হামলার চেষ্টা করা হয়। এতে বিস্ফোরণের পর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ভবনের ওপর পড়ে এবং সামান্য ক্ষয়ক্ষতি হয়। তবে কেউ আহত বা নিহত হননি। ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শুরু করেছে।

এদিকে, রোববার সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার দাবি করেছে দেশটির সামরিক জোট।

জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, রিয়াদ ও দক্ষিণাঞ্চলে ছোড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন ধ্বংস করা হয়েছে। এ ছাড়া রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়।

এর আগে সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া আরেকটি ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়। সম্ভাব্য হামলার আশঙ্কায় রিয়াদ ও নাজরানসহ কয়েকটি এলাকায় সতর্কতা জারি করেছিল দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সতর্কতা তুলে নেওয়া হয়।

চলতি নভেম্বর মাসে সৌদি আরবের বিভিন্ন এলাকায় অন্তত ১৫টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত বা ধ্বংস করার কথা জানিয়েছে সামরিক জোট।

সাম্প্রতিক এসব হামলার ঘটনায় সৌদি আরবের জ্বালানি স্থাপনা, বিমানবন্দর ও বেসামরিক অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button