মালয়েশিয়ার বিমানবাহিনীর মাদক কেলেঙ্কারিতে জড়িতদের ছাড় নয়: প্রধানমন্ত্রী
১০ বছর ধরে চলা চক্রের সঙ্গে বেসামরিক ব্যক্তি ও রাজনৈতিক সংশ্লিষ্টদের যোগসূত্রও খতিয়ে দেখা হচ্ছে

মালয়েশিয়ার বিমানবাহিনীর মাদক পাচার কেলেঙ্কারিতে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এ ঘটনায় বেসামরিক ব্যক্তি ও রাজনীতিকদের সংশ্লিষ্টতা পাওয়া গেলেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
আজ রোববার (২৯ নভেম্বর) তেলুক আয়ির তাওয়ারের বাটারওর্থ বিমানঘাঁটিতে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আনোয়ার বলেন, প্রায় ১০ বছর ধরে চলা মাদক চক্রের কার্যক্রম শুধু বিমানবাহিনীতে সীমাবদ্ধ ছিল না। বন্দর, বিমানবন্দর ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সংশ্লিষ্টতাও তদন্ত করা হচ্ছে।
তিনি জানান, চীনের শেনজেনে অবস্থানকালে বিষয়টি জানার পর সশস্ত্র বাহিনীর প্রধান, প্রতিরক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে বিমানবাহিনী ও সামরিক বাহিনীর ভাবমূর্তি রক্ষার নির্দেশও দিয়েছেন।
তবে কয়েকজনের অপরাধের দায় পুরো বিমানবাহিনী বা সামরিক বাহিনীর ওপর চাপানো উচিত নয় বলে মন্তব্য করেন আনোয়ার। তাঁর ভাষ্য, অধিকাংশ সদস্য নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দেশের সেবা করছেন।
এর আগে ১৭ নভেম্বর সুবাং বিমানঘাঁটিতে অভিযান চালিয়ে ৯৬ দশমিক ৬৪ কেজি মাদক জব্দ করে পুলিশ। এর আনুমানিক মূল্য ৪৮ লাখ ৩০ হাজার রিঙ্গিত। সামরিক বিমান পরিবহনব্যবস্থা ব্যবহার করে মাদক পাচারের সঙ্গে একটি চক্র জড়িত বলে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় ক্লাং ভ্যালি, লাবুয়ান ও তাওয়াউ থেকে সাতজন বিমানবাহিনীর কর্মকর্তা ও সদস্যসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে ছয়জনের বিরুদ্ধে ৯৬ দশমিক ২ কেজি মেথামফেটামিন পাচারের অভিযোগে মামলা হয়েছে।



