শাহজালালে ইউএস-বাংলার ফ্লাইটে হঠাৎ আগুন, আতঙ্ক বিমানবন্দরে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে যাত্রা শুরুর মুহূর্তে বিপত্তিতে পড়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। উড্ডয়নের সময় বিমানটিতে ধোঁয়া ও আগুন দেখা দিলে দ্রুত যাত্রীদের নিরাপদে নামিয়ে নেওয়া হয়।
রোববার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ইউএস-বাংলা এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইট বিএস-৩৬১ ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে উড্ডয়ন করছিল। উড়োজাহাজটি এয়ারবাস এ৩৩০ মডেলের বলে জানা গেছে।
প্রাথমিকভাবে জানা গেছে, উড্ডয়নের সময় উড়োজাহাজটির ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেয়। এর পরপরই বিমানে ধোঁয়া ও আগুনের সৃষ্টি হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত যাত্রীদের বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। তবে এ ঘটনায় কোনো যাত্রী বা ক্রু সদস্য আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র রিয়াজ উদ্দিন জানান, তারা ঘটনাস্থলে যাচ্ছেন। পরে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন বলে জানান তিনি।



