আন্তর্জাতিক

হুতিদের ঠেকাতে ইয়েমেনে 8 উড়োজাহাজ অস্ত্র পাঠালো পাকিস্তান

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি-সমর্থিত সরকারি বাহিনীকে সহায়তা করতে চারটি পণ্যবাহী উড়োজাহাজে করে অস্ত্র পাঠিয়েছে পাকিস্তান। গত সেপ্টেম্বরে এসব অস্ত্র ইয়েমেনের বন্দরনগরী এডেনে পৌঁছায়।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের পাঠানো অস্ত্রের মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, হালকা কামান, ড্রোন ও ড্রোন প্রতিরোধী সরঞ্জাম। পাকিস্তানের এক সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে এসব তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা আরও জানান, পাকিস্তানের সামরিক উপদেষ্টারাও সৌদি সামরিক কর্মকর্তাদের সঙ্গে ইয়েমেনে অবস্থান করছেন। তাঁরা ইয়েমেনের সরকারি বাহিনীকে সহায়তা করছেন।

ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনী বর্তমানে বিভিন্ন এলাকায় লড়াই করছে। হারানো ভূখণ্ড পুনরুদ্ধারে সরকারি বাহিনীকে সহায়তা দিতে সৌদি আরবও সামরিক তৎপরতা বাড়িয়েছে।

সম্প্রতি তাইজ শহরের আশপাশে লড়াই তীব্র হয়েছে। গত বৃহস্পতিবার হুতিরা তাইজ ও এডেনের মধ্যে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করেছে বলে খবর পাওয়া গেছে। তাইজ হুতিদের নিয়ন্ত্রণে গেলে উত্তরাঞ্চলের সরকারি নিয়ন্ত্রিত এলাকাগুলোর সঙ্গে এডেনের স্থল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। এতে সরকারি বাহিনীর রসদ সরবরাহও বাধাগ্রস্ত হতে পারে।

এদিকে হুতিদের বিরুদ্ধে সৌদি আরব বিমান হামলা জোরদার করেছে। হুতিদের দাবি, গত ২৪ ঘণ্টায় তাদের বিভিন্ন অবস্থানে সৌদি বাহিনী ৯৪টি বিমান হামলা চালিয়েছে। তবে সৌদি আরব জানিয়েছে, তারা ইয়েমেনের রাজধানী সানা, সাদা ও তাইজে গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়েছে।

পাল্টা হিসেবে সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হামলার দাবিও করেছে হুতিরা। এসব হামলার মধ্যে রিয়াদ বিমানবন্দরও রয়েছে।

মদিনার একটি বিদ্যুৎ বিতরণকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ নিয়েও সম্প্রতি উত্তেজনা তৈরি হয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, হুথিদের একটি ড্রোন তাইবাহ বিদ্যুৎ বিতরণকেন্দ্রে আঘাত হানে। ওই কেন্দ্র থেকে মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে হুতিরা।

ইয়েমেন ইস্যুতে পাকিস্তানের সামরিক সহায়তার বিষয়টি দেশটির সঙ্গে সৌদি আরবের দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্কের প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ। গত আগস্টে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক ‘মক্কা চুক্তি’ নামে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করে।

তবে পাকিস্তান সরাসরি হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নিচ্ছে এমন তথ্য এখনো প্রকাশ্যে নিশ্চিত হয়নি। এখন পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী, ইসলামাবাদ সৌদি-সমর্থিত ইয়েমেনি বাহিনীকে অস্ত্র ও সামরিক সহায়তা দিচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button