শাহজালালের তৃতীয় টার্মিনালে লাগেজ পেতে অপেক্ষা করতে হবে সর্বোচ্চ ৪৭ মিনিট

বিমান থেকে নামার পর লাগেজ সংগ্রহের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় অনেক যাত্রীকে। বিশেষ করে বিদেশ থেকে দেশে ফেরা প্রবাসীদের জন্য লাগেজ পেতে বিলম্ব একটি পরিচিত ভোগান্তি। এই সমস্যা কমাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে লাগেজ সরবরাহসহ যাত্রীসেবার বিভিন্ন ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা ও মানদণ্ড নির্ধারণ করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, উড়োজাহাজ নির্ধারিত স্থানে থামার পর প্রথম লাগেজটি ১৫ মিনিটের মধ্যে ব্যাগেজ বেল্টে পৌঁছে দিতে হবে। আর সর্বশেষ লাগেজ সরবরাহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে উড়োজাহাজের ধরন অনুযায়ী। ন্যারোবডি উড়োজাহাজের ক্ষেত্রে সর্বোচ্চ ৪২ দশমিক ৫ মিনিট এবং ওয়াইডবডি উড়োজাহাজের ক্ষেত্রে ৪৭ দশমিক ৫ মিনিটের মধ্যে সব লাগেজ পৌঁছে দিতে হবে।
রোববার (২৯ নভেম্বর) রাজধানীর কুর্মিটোলায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকী।
তিনি জানান, আগামী সোমবার (৩০ নভেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিতে একটি জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি স্বাক্ষর করবে বেবিচক।
শুধু লাগেজ সরবরাহ নয়, বিমানবন্দরের চেক-ইন কাউন্টারে যাত্রীদের অপেক্ষার সময়ও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
নতুন মানদণ্ড অনুযায়ী, বিজনেস ক্লাসের যাত্রীদের গড়ে ৫ থেকে ১০ মিনিটের মধ্যে এবং ইকোনমি ক্লাসের যাত্রীদের ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে চেক-ইন কার্যক্রম সম্পন্ন করার ব্যবস্থা রাখতে হবে।
এ ছাড়া ইমিগ্রেশন, নিরাপত্তা তল্লাশি, কার্গো ব্যবস্থাপনা, টার্মিনালের পরিচ্ছন্নতা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, গাড়ি পার্কিং এবং লিফট ও এসকেলেটরের কার্যকারিতা নিশ্চিত করার বিষয়েও নির্দিষ্ট মানদণ্ড রাখা হয়েছে।
বিমানবন্দরের গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ব্যবস্থাগুলোর কার্যক্রম সচল রাখার বিষয়েও চুক্তিতে শর্ত যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম, স্বয়ংক্রিয় চেক-ইন সুবিধা এবং ফ্লাইট তথ্য প্রদর্শন ব্যবস্থা। নির্ধারিত মান অনুযায়ী এসব সিস্টেমের কার্যকারিতা ৯৫ থেকে ৯৮ শতাংশ নিশ্চিত করতে হবে।
যাত্রীসেবার নির্ধারিত মান বজায় রাখতে ব্যর্থ হলে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানার মুখে পড়তে হবে। চুক্তি অনুযায়ী, অনিয়মের ধরন ও পুনরাবৃত্তির ভিত্তিতে প্রতিটি লঙ্ঘনের জন্য ৫ হাজার থেকে সর্বোচ্চ ৩৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।
বেবিচক জানিয়েছে, এসব শর্তের মূল উদ্দেশ্য হলো বিমানবন্দরের সেবার মান নিশ্চিত করা এবং যাত্রীদের ভোগান্তি কমানো।
চুক্তি স্বাক্ষরের পর ১৫ দিনের মধ্যে তৃতীয় টার্মিনালের নির্ধারিত পরিচালন এলাকা জাপানি কনসোর্টিয়ামের কাছে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে তৃতীয় টার্মিনালের সীমিত কার্যক্রম শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পরবর্তী আট মাসের মধ্যে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের অন্তত ২৫ শতাংশ নতুন টার্মিনালে স্থানান্তরের লক্ষ্য রয়েছে। আর হস্তান্তরের ১৪ মাসের মধ্যে সব নিয়মিত আন্তর্জাতিক যাত্রী ও কার্গো কার্যক্রম তৃতীয় টার্মিনালে স্থানান্তরের পরিকল্পনা করা হয়েছে।
চুক্তি অনুযায়ী, জাপানি কনসোর্টিয়াম নিজস্ব ব্যয়ে তৃতীয় টার্মিনাল, বহুতল গাড়ি পার্কিং ভবন এবং নতুন আমদানি-রপ্তানি কার্গো টার্মিনাল পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে।
তবে রানওয়ে পরিচালনা, এয়ার ট্রাফিক কন্ট্রোল, বিমান চলাচলের নিরাপত্তা, অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম বেবিচকের নিয়ন্ত্রণেই থাকবে। ইমিগ্রেশন, কাস্টমস ও অন্যান্য সরকারি কার্যক্রম সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর অধীনে পরিচালিত হবে।
আয় ভাগাভাগির ব্যবস্থায় পরিচালনাকারী প্রতিষ্ঠান যাত্রী ও কার্গো থেকে অর্জিত আয়ের ১৩ দশমিক ৫ শতাংশ বেবিচককে দেবে। টার্মিনাল পূর্ণ সক্ষমতায় পৌঁছালে নির্ধারিত শর্ত অনুযায়ী বেবিচকের রাজস্বের অংশ বেড়ে ২৭ শতাংশ হবে।
সংশ্লিষ্টদের আশা, নতুন টার্মিনালের আধুনিক ব্যবস্থাপনা, নির্দিষ্ট সেবার মানদণ্ড এবং জবাবদিহির ব্যবস্থা বাস্তবায়িত হলে দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান উন্নত হবে। বিশেষ করে বিদেশ থেকে দেশে ফেরা প্রবাসী বাংলাদেশিদের লাগেজ সংগ্রহের দীর্ঘ অপেক্ষা ও অন্যান্য ভোগান্তি কমবে।



