
বাংলাদেশি শ্রমিকদের অন্যতম প্রধান গন্তব্য সৌদি আরব। বর্তমানে দেশটিতে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন। তাঁদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে সৌদি আরব থেকে দেশে এসেছে প্রায় ১৬৫ কোটি মার্কিন ডলার, যা ওই সময়ে আসা মোট প্রবাসী আয়ের ১৯ দশমিক ২ শতাংশ।
এবার সৌদি আরবে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা, অধিকার সংরক্ষণ এবং আইন মেনে চলার বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
গতকাল সোমবার (২ নভেম্বর) মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত নির্দেশনায় সৌদি আরবে যাওয়ার আগে প্রয়োজনীয় প্রস্তুতি, ইকামা ও চাকরির চুক্তি, বেতন, চাকরি পরিবর্তন, সামাজিক আচরণ, ধর্মীয় বিধিবিধান, অনলাইন ব্যবহার, সড়ক নিরাপত্তা এবং জরুরি পরিস্থিতিতে করণীয় তুলে ধরা হয়েছে।
বিদেশযাত্রার আগে যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে
মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, সৌদি আরবে যাওয়ার আগে ভিসা, নিয়োগকর্তা ও নিয়োগচুক্তি ভালোভাবে যাচাই করতে হবে। বিএমইটি ছাড়পত্র, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও মেডিকেল পরীক্ষা সম্পন্ন করতে হবে। পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিজের হেফাজতে রাখতে হবে।
দালালের মৌখিক আশ্বাসে টাকা দেওয়া, ভিজিট ভিসায় কাজের উদ্দেশ্যে যাওয়া এবং পাসপোর্ট নিয়োগকর্তা বা অন্য কারও কাছে জমা রাখা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
ইকামা ও চাকরির চুক্তি নিয়ে নির্দেশনা
সৌদি আরবে অবস্থানকালে ইকামা সঙ্গে রাখা এবং Absher অ্যাপের মাধ্যমে এর মেয়াদ নিয়মিত যাচাই করতে বলা হয়েছে। একই সঙ্গে QIWA প্ল্যাটফর্মে নিয়োগচুক্তি ও ওয়ার্ক পারমিট যাচাই করতে হবে।
পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার অন্তত ছয় মাস আগে নবায়ন বা পুনরায় ইস্যুর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। না বুঝে কোনো কাগজে স্বাক্ষর বা টিপসই না দেওয়া এবং OTP ও পাসওয়ার্ড অন্য কারও সঙ্গে শেয়ার না করার নির্দেশনাও রয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ইকামা নবায়নের দায়িত্ব নিয়োগকর্তার। এ জন্য কর্মীদের অন্য কাউকে টাকা দেওয়ার প্রয়োজন নেই।
বেতন ও চাকরি পরিবর্তনে মানতে হবে নিয়ম
নিয়োগচুক্তির কপি ও কাজের প্রমাণ সংরক্ষণ করতে হবে। বেতন ব্যাংকিং চ্যানেলে গ্রহণ করে লেনদেনের স্টেটমেন্ট রাখতে হবে। কোনো সমস্যা বা বিরোধ দেখা দিলে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের হটলাইন ১৯৯১১ অথবা বাংলাদেশ দূতাবাসের শ্রমকল্যাণ উইংয়ের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
নিজ নিয়োগকর্তার বাইরে অনুমতি ছাড়া কাজ করা, কর্মস্থল থেকে পালিয়ে যাওয়া কিংবা কাজে বাধা সৃষ্টি করা থেকে বিরত থাকতে হবে। চাকরি পরিবর্তনের ক্ষেত্রে QIWA প্ল্যাটফর্মের মাধ্যমে বৈধ প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
জনসমক্ষে আচরণ ও সামাজিক শিষ্টাচার
সৌদি আরবের সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের প্রতি সম্মান দেখানোর পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। শালীন পোশাক পরা, ভদ্র আচরণ করা, লাইনে দাঁড়ানো এবং বয়স্কদের সম্মান করার নির্দেশনা দেওয়া হয়েছে।
রাস্তায় ময়লা ফেলা, থুতু বা পানের পিক ফেলা, প্রকাশ্যে ঝগড়া, গালাগালি কিংবা মারামারি করা যাবে না। জাতি, দেশ বা গায়ের রং নিয়ে কাউকে কটূক্তি করতেও নিষেধ করা হয়েছে।
শিশু ও নারীদের সঙ্গে আচরণের ক্ষেত্রেও বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশনা রয়েছে। অপরিচিত শিশুকে স্পর্শ করা, কোলে নেওয়া বা খাবার দেওয়া থেকে বিরত থাকতে হবে। নারীদের অনুসরণ করা, অনুমতি ছাড়া ছবি তোলা, স্পর্শ করা কিংবা ফোন নম্বর চেয়ে হয়রানি করা যাবে না।
ধর্মীয় ও অনলাইন আচরণে সতর্কতা
নামাজের সময় নামাজ আদায়, রমজানে দিনের বেলায় প্রকাশ্যে খাবার ও ধূমপান থেকে বিরত থাকা এবং মসজিদে মোবাইল ফোন নীরব রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
ধর্ম, রাজপরিবার বা সরকার নিয়ে আপত্তিকর মন্তব্য কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট না করার নির্দেশনা রয়েছে। অনুমতি ছাড়া মিছিল, সমাবেশ বা ধর্মঘটে অংশ নেওয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
অনলাইনে কোনো খবর শেয়ার করার আগে সত্যতা যাচাই, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার এবং দুই ধাপের নিরাপত্তাব্যবস্থা চালু রাখার পরামর্শ দেওয়া হয়েছে। অনুমতি ছাড়া নারী, শিশু বা পরিবারের সদস্যদের ছবি তোলা যাবে না। ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিরোধব্যবস্থা, আঘাতস্থল কিংবা নিরাপত্তাসংবেদনশীল স্থানের ছবি ও ভিডিও ধারণ, সংরক্ষণ এবং শেয়ার করা নিষিদ্ধ বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনায় করণীয়
সৌদি আরবে গাড়ি চালানোর ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স ও বিমা নিশ্চিত করতে হবে। সিটবেল্ট ব্যবহার, গতিসীমা মেনে চলা এবং ট্রাফিক আইন অনুসরণ করতে হবে।
দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থল ত্যাগ না করে নাজম ও পুলিশের রিপোর্ট সংগ্রহ করতে হবে। দুর্ঘটনায় কেউ আহত হলে ৯৯৭ নম্বরে অ্যাম্বুলেন্স অথবা ৯১১ ও ৯৯৯ নম্বরে জরুরি সহায়তা চাইতে হবে।
আহত ব্যক্তির প্রাণঝুঁকি না থাকলে তাঁকে টেনে তোলা যাবে না। দুর্ঘটনাস্থলে ভিড় করা, ছবি বা ভিডিও ধারণ এবং আহত কিংবা মৃত ব্যক্তির টাকা-পয়সা ও মোবাইল ফোনে হাত দেওয়া থেকেও বিরত থাকতে হবে।
অর্থ লেনদেন ও সঞ্চয়ে সতর্কতা
প্রবাসীদের শুধু ব্যাংক ও অনুমোদিত এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে টাকা পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। হুন্ডিতে টাকা পাঠানো, নিজের ব্যাংক অ্যাকাউন্ট, সিম বা কার্ড অন্যকে ব্যবহার করতে দেওয়া এবং অন্যের ঋণের জামিনদার হওয়া থেকে বিরত থাকতে হবে।
পাশাপাশি নিয়মিত সঞ্চয়, বিল ও ঋণ সময়মতো পরিশোধ এবং অনুমোদিত সীমার মধ্যে অর্থ পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
ওষুধ, স্বাস্থ্য ও কর্মস্থলের নিরাপত্তা
বাংলাদেশ থেকে সৌদি আরবে ওষুধ নেওয়ার আগে সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটির (SFDA) অনুমতি নিতে বলা হয়েছে। ওষুধের প্রেসক্রিপশন ও মূল প্যাকেট সঙ্গে রাখতে হবে। অনুমতির জন্য নির্ধারিত ওয়েবসাইট: https://cds.sfda.gov.sa
অন্যের দেওয়া ব্যাগ, প্যাকেট বা ওষুধ বহন না করার পাশাপাশি মাদক, মদ ও জুয়া থেকে দূরে থাকার নির্দেশনা রয়েছে।
কর্মস্থলে হেলমেট, সেফটি বেল্টসহ প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রী ব্যবহার করতে হবে। গরমের সময় পর্যাপ্ত পানি পান এবং ছায়ায় বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরাসরি রোদে কাজ করা যাবে না।
হজ-উমরাহ ও পারিবারিক বিষয়ে নির্দেশনা
হজ, উমরাহ ও জিয়ারাহ পালনের জন্য Nusuk অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া হজ পালন কিংবা হাজি বহন করা যাবে না।
বিয়ে আইন অনুযায়ী নিবন্ধন, সন্তানের জন্মনিবন্ধন এবং পারিবারিক বিষয়ে সৌদি আরবের প্রচলিত আইন অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিপদে পড়লে যেসব নম্বরে যোগাযোগ করবেন
জরুরি পরিস্থিতিতে প্রবাসীদের দালালের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা না করে সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাংলাদেশ দূতাবাসের সহায়তা নিতে বলা হয়েছে।
সৌদি আরবে জরুরি যোগাযোগ নম্বরগুলো হলো—
জরুরি সেবা: ৯১১ ও ৯৯৯
অ্যাম্বুলেন্স: ৯৯৭
অগ্নিনির্বাপণ: ৯৯৮
ট্রাফিক পুলিশ: ৯৯৩
শ্রম অভিযোগ: ১৯৯১১
বাংলাদেশ দূতাবাসের শ্রমকল্যাণ উইং: ৮০০১০০০১২৫
কনস্যুলার সেবা: ৮০০১০০০১২৬
প্রবাসবন্ধু কল সেন্টার: ১৬১৩৫
মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রবাসীদের বৈধভাবে সৌদি আরবে অবস্থান, দেশটির আইন মেনে চলা, আর্থিক লেনদেনের প্রমাণ সংরক্ষণ এবং যেকোনো বিপদে একক সিদ্ধান্ত না নিয়ে দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।



