প্রবাস

কুয়েতে ভিসা জালিয়াতির মামলায় ফেঁসে গেলেন বাংলাদেশি প্রবাসী

কুয়েতে অবৈধভাবে আবাসিক পারমিট কেনাবেচা, সরকারি নথি জালিয়াতি ও ঘুসের ঘটনায় দুই মিশরীয় নাগরিকের পাশাপাশি এক বাংলাদেশি প্রবাসীকে কারাদণ্ড দিয়েছেন দেশটির ফৌজদারি আদালত।

রায়ে দুই মিশরীয় নাগরিককে ৫ বছর করে এবং বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মীকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

একই সঙ্গে মামলার সঙ্গে সংশ্লিষ্ট একটি পণ্য পরিবহনকারী কোম্পানির লাইসেন্স বাতিল এবং ২০ হাজার কুয়েতি দিনার জরিমানার নির্দেশ দিয়েছেন আদালত।

কুয়েতের আবাসন-বিষয়ক তদন্ত বিভাগের অনুসন্ধানে একটি কোম্পানির মাধ্যমে অবৈধভাবে আবাসিক পারমিট কেনাবেচা এবং সরকারি লেনদেনের নথি জালিয়াতির বিষয়টি সামনে আসে। তদন্তে ঘুসের সংশ্লিষ্টতাও পাওয়া যায়। পরে এসব অভিযোগের ভিত্তিতে মামলাটি আদালতে ওঠে।

আদালতের রায়ে প্রথম মিশরীয় আসামিকে দুই শ্রমিকের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ১০ হাজার কুয়েতি দিনার জরিমানা করা হয়েছে।

দ্বিতীয় মিশরীয় নাগরিককে আবাসিক পারমিট নবায়নের লেনদেনসংক্রান্ত নথি জালিয়াতি ও ঘুসের ঘটনায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ কুয়েতি দিনার জরিমানা করা হয়েছে।

আরও পড়ুনঃ ওমরাহ করতে চান বিনা খরচে? আবেদন করবেন যেভাবে

অন্যদিকে, মামলায় অভিযুক্ত বাংলাদেশি নাগরিক পেশায় একজন পরিচ্ছন্নতাকর্মী। ঘুসের ঘটনায় তাকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ কুয়েতি দিনার জরিমানা করেছেন আদালত।

এ ছাড়া মামলার সঙ্গে জড়িত পণ্য পরিবহনকারী কোম্পানিকে সংশ্লিষ্ট দুই শ্রমিকের প্রত্যেকের জন্য ১০ হাজার দিনার করে মোট ২০ হাজার কুয়েতি দিনার জরিমানা করা হয়েছে। পাশাপাশি কোম্পানিটির লাইসেন্স বাতিলের নির্দেশও দেওয়া হয়েছে।

এই রায়ের মধ্য দিয়ে কুয়েতে অবৈধভাবে আবাসিক পারমিট কেনাবেচা, সরকারি নথি জালিয়াতি এবং ঘুসের বিরুদ্ধে দেশটির আইন প্রয়োগকারী সংস্থাগুলোর চলমান পদক্ষেপের বিষয়টি আবারও সামনে এসেছে।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button