কোরিয়াপ্রবাস

দক্ষিণ কোরিয়াগামী ৫০ কর্মীর জন্য বোয়েসেলের ১১ দফা নির্দেশনা

ওয়ান-স্টপ সেবার আওতায় মেডিকেল পরীক্ষা, প্রশিক্ষণ ও ডকুমেন্ট যাচাই

 

দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের উদ্দেশ্যে আগামী ২৯ নভেম্বর ৫০ জন বাংলাদেশি কর্মীকে পাঠানোর প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। জেনারেল এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (EPS) আওতায় নির্বাচিত এসব কর্মী শিডিউল ফ্লাইটে দক্ষিণ কোরিয়া যাবেন। তাঁদের সম্ভাব্য পৌঁছানোর সময় ৩০ নভেম্বর সকাল ৬টা ৩০ মিনিট।

আজ মঙ্গলবার ( ২৪ নভেম্বর ) এ উপলক্ষে সংশ্লিষ্ট প্রার্থীদের জন্য জরুরি নোটিশ জারি করেছে বোয়েসেল। নোটিশ অনুযায়ী, আগামী ২৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী উত্তরা এলাকার নির্ধারিত হোটেলে উপস্থিত হতে হবে। সেখানে অবস্থান করে মেডিকেল পরীক্ষা, প্রশিক্ষণ, কাগজপত্র যাচাইসহ প্রয়োজনীয় ওয়ান-স্টপ সেবা গ্রহণ করতে হবে।

বোয়েসেলের নোটিশে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার মানবসম্পদ উন্নয়ন সংস্থা এইচআরডি কোরিয়া থেকে ২৯ নভেম্বর ৫০ জনের ফ্লাইটের বিষয়ে ই-মেইল পাওয়া গেছে। সংশ্লিষ্ট প্রার্থীদের এ বিষয়ে বোয়েসেলের পক্ষ থেকে বার্তা দেওয়া হবে।

সিফিলিস পরীক্ষা ও প্রয়োজনীয় কাগজপত্র

হোটেলে উপস্থিত হওয়ার পর নির্ধারিত মেডিকেল সেন্টারের প্রতিনিধির মাধ্যমে প্রার্থীদের সিফিলিস পরীক্ষা সম্পন্ন করতে হবে। পরীক্ষার ফল পজিটিভ হলে সংশ্লিষ্ট প্রার্থী হোটেলে অবস্থান করতে পারবেন না। পরবর্তী কার্যক্রম কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হবে।

পরীক্ষার সময় প্রত্যেক প্রার্থীকে পাসপোর্টের রঙিন ফটোকপি তিন কপি, পাসপোর্ট সাইজের ছবি এবং লেবার কন্ট্রাক্টের কপি সঙ্গে রাখতে হবে।

লাগেজ ও খাদ্যসামগ্রী বহনে সতর্কতা

প্রার্থীদের লাগেজের ক্ষেত্রে নির্ধারিত সীমা অনুসরণ করতে বলা হয়েছে। মেইন বা চেক-ইন ব্যাগেজের আকার ২৫ থেকে ২৭ ইঞ্চি এবং সর্বোচ্চ ওজন ৩০ কেজি নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, হ্যান্ড ক্যারির আকার ২১ ইঞ্চি এবং সর্বোচ্চ ওজন সাত কেজি।

দক্ষিণ কোরিয়ার আবহাওয়ার কথা বিবেচনা করে প্রয়োজনীয় শীতবস্ত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। তবে মাংস ও মাংসজাত পণ্য, ডিম ও ডিমজাত পণ্য, দুগ্ধজাত খাবার, বীজ এবং অন্যান্য কৃষিজাত পণ্য বহন না করার বিষয়ে বিশেষ সতর্কতা দেওয়া হয়েছে। এসব নিষিদ্ধ সামগ্রী বহন করলে দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী জরিমানা বা অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

এ ছাড়া মসলা, তামাকজাতীয় দ্রব্য, বডি স্প্রে, আতর এবং নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বহন না করার নির্দেশনা রয়েছে।

৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা

দক্ষিণ কোরিয়ায় যাওয়ার আগে প্রত্যেক প্রার্থীকে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিতে হবে। এতে নিয়োগকর্তার অধীনে চাকরির চুক্তি, কর্মস্থলের শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে সম্মতি দিতে হবে।

অঙ্গীকারনামায় নিয়োগকর্তার অনুমোদিত প্রক্রিয়া ছাড়া অযৌক্তিকভাবে এক বছরের মধ্যে কর্মস্থল পরিবর্তনের চেষ্টা না করা, অযৌক্তিক কারণে রিলিজ না নেওয়া, অন্য প্রতিষ্ঠানে চাকরির জন্য চুক্তিবদ্ধ না হওয়া এবং ভিসা বা চাকরির মেয়াদ শেষ হওয়ার পর অবৈধভাবে দক্ষিণ কোরিয়ায় অবস্থান না করার বিষয়গুলো উল্লেখ রয়েছে। পাশাপাশি তুচ্ছ বা অযৌক্তিক কারণে নিয়োগকর্তার বিরুদ্ধে অভিযোগ বা মামলা না করার অঙ্গীকারও চাওয়া হয়েছে।

অঙ্গীকারনামায় প্রার্থীর পাশাপাশি অভিভাবক হিসেবে বাবা, মা, ভাই, বোন অথবা স্ত্রীর স্বাক্ষর থাকতে হবে। এ কারণে হোটেলে প্রবেশের সময় একজন অভিভাবককে সঙ্গে আনতে হবে। অভিভাবকের ছবি এবং জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদ জমা দিতে হবে।

প্রশিক্ষণে অংশ নিতে হবে জুমে

প্রার্থীদের নির্ধারিত প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য নিজস্ব মোবাইল ফোনে জুম অ্যাপ ইনস্টল করে প্রস্তুত থাকতে বলা হয়েছে। অনলাইন ক্লাসে অংশ নেওয়ার সময় নোটবুক বা ডায়েরি এবং কলম সঙ্গে রাখতে হবে।

হোটেলে অবস্থানকালীন প্রার্থীদের জনসমাগম এড়িয়ে চলা, নির্ধারিত কক্ষের নিয়ম মেনে চলা এবং বোয়েসেল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণের কথাও বলা হয়েছে। দক্ষিণ কোরিয়ায় পৌঁছানোর পর বিমানবন্দর ও প্রশিক্ষণস্থলেও শৃঙ্খলা বজায় রাখতে হবে। গ্রুপ লিডারের নির্দেশনা অনুসরণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা রয়েছে।

কেন হোটেলভিত্তিক ওয়ান-স্টপ সেবা?

বোয়েসেলের নোটিশে বলা হয়েছে, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩ অনুযায়ী বিদেশগমনেচ্ছু কর্মীদের তিন দিনের প্রাক-বহির্গমন ওরিয়েন্টেশন বা পিডিও সম্পন্ন করা বাধ্যতামূলক। এ ছাড়া বোয়েসেল পরিচালনা পর্ষদের ২৬০তম সভার সিদ্ধান্ত এবং এইচআরডি কোরিয়ার নির্ধারিত কারিকুলাম অনুযায়ী EPS কর্মীদের ফ্লাইটের আগে তিন দিনে ২০ ঘণ্টার প্রশিক্ষণ দিতে হয়।

কোভিড-১৯ মহামারির আগে এ প্রশিক্ষণ বোয়েসেল কার্যালয়ে সরাসরি দেওয়া হতো। ২০২১ সালে সংক্রমণ প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয় পর্যায়ের সিদ্ধান্তের পর ভার্চুয়াল প্রশিক্ষণ চালু হয়। পরবর্তী সময়ে হোটেলে অবস্থানের মাধ্যমে প্রশিক্ষণ, স্বাস্থ্য পরীক্ষা, ডকুমেন্ট যাচাই ও বহির্গমন-সংক্রান্ত সেবা একসঙ্গে দেওয়ার ব্যবস্থা চালু রাখা হয়েছে।

এই ওয়ান-স্টপ সেবার আওতায় সিফিলিস ও ভিডিআরএল পরীক্ষা, টিকিট ফি গ্রহণ, অঙ্গীকারনামা সংগ্রহ, পাসপোর্ট-টিকিট-ভিসা ও নেইম ট্যাগ বিতরণ এবং ই-অ্যারাইভাল কার্ড ও কিউআর কোডসংক্রান্ত সহায়তা দেওয়া হয়। পাশাপাশি লাগেজ পরীক্ষা করে নিষিদ্ধ সামগ্রী অপসারণ এবং নির্ধারিত পরিবহনে কর্মীদের বিমানবন্দরে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রয়েছে।

প্রশিক্ষণে মন্ত্রণালয়ের কর্মকর্তা, চিকিৎসক, পুলিশ কর্মকর্তা, দূতাবাস ও ইমিগ্রেশন-সংশ্লিষ্ট কর্মকর্তা, এইচআরডি কোরিয়ার প্রতিনিধি, কোরিয়ান ভাষাভাষী প্রশিক্ষক এবং দক্ষিণ কোরিয়ায় কর্মরত বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা অংশ নেন।

বোয়েসেলের তথ্য অনুযায়ী, হোটেলে থাকা ও খাওয়াসহ একজন কর্মীর দৈনিক আনুমানিক ব্যয় তিন হাজার টাকা। একই স্থানে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হওয়ায় কর্মীদের সময় ও ব্যক্তিগত যাতায়াতের ব্যয় কমে।

টিকিট ফি নেওয়া হবে হোটেলে

নোটিশে জানানো হয়েছে, নির্ধারিত মেডিকেল পরীক্ষা ও প্রয়োজনীয় কার্যক্রমে উপযুক্ত বিবেচিত ৫০ জন EPS কর্মী ২৯ নভেম্বর দক্ষিণ কোরিয়ায় যাবেন। হোটেলে অবস্থানকালেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ফ্লাইট টিকিটের নির্ধারিত ফি নেওয়া হবে।

প্রার্থীদের কোনো বিষয়ে অস্পষ্টতা থাকলে নিজ উদ্যোগে সিদ্ধান্ত না নিয়ে বোয়েসেলের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। হোটেলে উপস্থিতি থেকে শুরু করে দক্ষিণ কোরিয়ায় পৌঁছানো পর্যন্ত বোয়েসেল, এইচআরডি কোরিয়া, গ্রুপ লিডার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button