দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনিতে পারভেজ মো. আবু নাঈম (৩৭) নামে এক বাংলাদেশি নাগরিক নিখোঁজ হয়েছেন। কর্মস্থল থেকে বের হওয়ার পর তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
এ ঘটনায় অপহরণ কিংবা জিম্মি করে রাখার আশঙ্কা প্রকাশ করেছে তার কর্মস্থল কর্তৃপক্ষ। নিখোঁজ বাংলাদেশির সন্ধান পেতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়েছে দেশটির পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পাপুয়া নিউ গিনির সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল’ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, রোববার (২২ নভেম্বর) বিকেলে কর্মস্থল থেকে বের হওয়ার পর নিখোঁজ হন পারভেজ। তবে কোথায় যাচ্ছেন, সে বিষয়ে সহকর্মী বা কর্মস্থল কর্তৃপক্ষকে কিছু জানাননি তিনি। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ন্যাশনাল ক্যাপিটাল ডিস্ট্রিক্ট (এনসিডি) ও সেন্ট্রাল অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার বেঞ্জামিন তুরি জানান, পারভেজের নিখোঁজ হওয়ার ঘটনায় রাজধানীর বোরোকো পুলিশ স্টেশনে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
তিনি বলেন, পারভেজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তার কর্মস্থল কর্তৃপক্ষ। তাকে অপহরণ করা হয়ে থাকতে পারে অথবা দেশের কোনো এলাকায় জিম্মি করে রাখা হয়েছে এমন আশঙ্কাও করছেন তারা। তবে এখন পর্যন্ত অপহরণ বা জিম্মি হওয়ার বিষয়টি নিশ্চিত করেনি পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে বিমানযাত্রীদের তথ্য যাচাই করে জানা গেছে, নিখোঁজ হওয়ার দিন বিকেলে পারভেজ পাপুয়া নিউ গিনির লায়ে শহরে গিয়েছিলেন। তার অবস্থান শনাক্তে দেশটির অভিবাসন বিভাগসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকেও বিষয়টি জানানো হয়েছে।
আরও পড়ুন: মালয়েশিয়ায় আটক ৫২ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইমিগ্রেশন
পুলিশের ধারণা, পারভেজ দেশটির হাইল্যান্ডস অঞ্চল অথবা মাদাং এলাকায় গিয়ে থাকতে পারেন। তবে তিনি ঠিক কোথায় আছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সহকারী পুলিশ কমিশনার বেঞ্জামিন তুরি স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বলেন, পারভেজের অবস্থান সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে যেন নিকটস্থ থানায় যোগাযোগ করা হয়।
পারভেজকে খুঁজে পেতে তার কর্মস্থল কর্তৃপক্ষও সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে। তাকে শনাক্ত করে নিরাপদে আছেন কি না, তা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশে থাকা তার পরিবারের কাছে তার অবস্থান সম্পর্কে খবর পৌঁছে দিতে চায় তারা।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পারভেজের বিষয়ে কোনো তথ্য থাকলে পাপুয়া নিউ গিনির পুলিশ হটলাইন ১৮০০১০০ নম্বরে যোগাযোগ করা যাবে।
এখন পর্যন্ত পারভেজের নিখোঁজ হওয়ার কারণ, সম্ভাব্য অপহরণ কিংবা তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।



