মালয়েশিয়াগামীদের অপেক্ষার অবসান, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম ফ্লাইট!
মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ নিয়ে নতুন করে আশার খবর পাচ্ছেন বাংলাদেশি কর্মীরা। সরকারি ব্যবস্থাপনায় বিনা অভিবাসন ব্যয়ে দেশটিতে যাচ্ছেন ১১২ জন কর্মী।
তাঁদের বহনকারী প্রথম ফ্লাইট আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
মালয়েশিয়ার বহুজাতিক প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডির অধীনে এসব কর্মী নিয়োগ পেয়েছেন।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সম্পন্ন হয়েছে নিয়োগপ্রক্রিয়া। এ উদ্যোগের বিশেষ দিক হলো, কর্মীদের অভিবাসন ব্যয় বহন করবে মালয়েশিয়ার নিয়োগকর্তা। ফলে তাঁদের বিদেশ যেতে কোনো অভিবাসন খরচ দিতে হচ্ছে না।
বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের জন্য গত ৬ থেকে ৮ নভেম্বর অনলাইনে আবেদন নেওয়া হয়। এতে মোট ৪ হাজার ২৯ জন আবেদন করেন। প্রাথমিকভাবে সফটওয়্যারভিত্তিক লটারির মাধ্যমে ৩০০ জনকে বাছাই করা হয়।
পরবর্তী সময়ে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনের প্রতিনিধিরা বাংলাদেশে এসে ১২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নেন। দক্ষতা, যোগ্যতা ও কাজের উপযোগিতা যাচাই করে চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচন করা হয়।
নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে বোয়েসেল লটারির মাধ্যমে প্রাথমিক বাছাই করে। তবে চূড়ান্ত কর্মী নির্বাচনের দায়িত্ব ছিল মালয়েশিয়ার নিয়োগকর্তার।
নির্বাচিত ১১২ কর্মী ডিএইচএল সাপ্লাই চেইনের অধীনে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট ও টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে কাজ করবেন।
বোয়েসেলের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদ দুটির মাসিক মূল বেতন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। দৈনিক আট ঘণ্টা করে সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে। প্রাথমিক চাকরির চুক্তির মেয়াদ তিন বছর।
এ ছাড়া কোম্পানির প্রয়োজন ও মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী অতিরিক্ত কাজের সুযোগ এবং ওভারটাইমের পারিশ্রমিক পাওয়ার বিধান রয়েছে। নিয়োগকর্তা কর্মীদের আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াতের ব্যবস্থাও করবেন।
এই নিয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো শূন্য অভিবাসন ব্যয়। বোয়েসেলের তথ্য অনুযায়ী, কর্মীদের চিকিৎসা পরীক্ষা, বিমানভাড়া এবং সরকার নির্ধারিত অভিবাসনসংক্রান্ত খরচ মালয়েশিয়ার নিয়োগকর্তা বহন করবেন। বোয়েসেলও কর্মীদের কাছ থেকে কোনো অভিবাসন ব্যয় বা সেবা মাশুল নিচ্ছে না।
বোয়েসেল কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়ায় কোনো ব্যক্তি বা মধ্যস্বত্বভোগীর কাছে অর্থ না দেওয়ার জন্য সতর্ক করেছে। কেউ এই নিয়োগের নামে টাকা দাবি করলে তা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মালয়েশিয়ায় শূন্য অভিবাসন ব্যয়ে বাংলাদেশি কর্মী পাঠানোর বৃহত্তর সরকারি উদ্যোগের অংশ হিসেবে এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রাথমিক লক্ষ্য ১০ হাজার কর্মীকে বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়ায় পাঠানো। তবে পরবর্তী নিয়োগ নির্ভর করবে মালয়েশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদাপত্র ও কর্মসংস্থানের সুযোগের ওপর।




একটি মন্তব্য