প্রবাসী কল্যাণ ডেস্কে প্রবাসীদের জন্য বিশেষ সহায়তা
বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাত্রা কিংবা কর্মজীবন শেষে দেশে ফেরা প্রতিটি ধাপেই প্রবাসী কর্মীদের প্রয়োজন হতে পারে নানা ধরনের সহায়তা।
বিমানবন্দরে যাত্রাসংক্রান্ত জটিলতা, হারানো লাগেজ, অসুস্থতা কিংবা দেশে ফেরার পর আর্থিক সংকটের মতো পরিস্থিতিতে সহযোগিতা দিতে কাজ করছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড (ডব্লিউইডব্লিউবি)।
দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে পরিচালিত প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে এসব সেবা দেওয়া হচ্ছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন এই বোর্ডের লক্ষ্য বিদেশগামী ও প্রত্যাগত কর্মীদের যাত্রা সহজ করা এবং জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রকাশিত তথ্য অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে কর্মীদের বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়া হয়।
বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের যেসব সেবা পাওয়া যায়
প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে বিদেশগামী ও দেশে ফেরত কর্মীরা বিমানবন্দরসংক্রান্ত বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সহযোগিতা পান।
বিশেষ করে সৌদি আরব থেকে ছুটিতে দেশে আসা কর্মীদের রি-এন্ট্রি ভিসা প্রিন্ট, বোর্ডিং কার্ড সংগ্রহ এবং লাগেজসংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়।
এ ছাড়া দেশে ফেরার পর কোনো কর্মীর লাগেজ বা মালামাল হারিয়ে গেলে বিমানবন্দরের লস্ট অ্যান্ড ফাউন্ড বিভাগের সঙ্গে যোগাযোগ করে তা ফিরে পেতে সহযোগিতা করা হয়।
বোর্ডের প্রকাশিত সেবার বিবরণ অনুযায়ী, উল্লেখযোগ্য সহায়তাগুলো হলো-
১. রি-এন্ট্রি ভিসা প্রিন্ট: সৌদি আরব থেকে ছুটিতে দেশে আসা প্রবাসী কর্মীদের রি-এন্ট্রি ভিসা প্রিন্টের বিষয়ে সহযোগিতা।
২. বোর্ডিং কার্ড ও লাগেজ: বিমানযাত্রার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা এবং বোর্ডিং কার্ড ও লাগেজ সংগ্রহে সহায়তা।
৩. হারানো লাগেজ উদ্ধার: বিমানবন্দরে লাগেজ বা মালামাল হারিয়ে গেলে লস্ট অ্যান্ড ফাউন্ড বিভাগের মাধ্যমে তা খুঁজে পেতে সহযোগিতা।
৪. অসুস্থ কর্মীদের চিকিৎসা: বিদেশ থেকে অসুস্থ অবস্থায় দেশে ফেরা কিংবা বিমানবন্দরে অসুস্থ হয়ে পড়া কর্মীদের নিকটস্থ সরকারি হাসপাতালে পাঠানো ও চিকিৎসার ব্যবস্থা করতে সহায়তা।
৫. অ্যাম্বুলেন্স সুবিধা: ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দর থেকে অসুস্থ, আহত ও মৃত প্রবাসী কর্মীদের পরিবহনে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা।
৬. আর্থিক সহায়তা: যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, নিয়োগকারী প্রতিষ্ঠানের আর্থিক সংকটসহ বিশেষ পরিস্থিতিতে দেশে ফেরত অসহায় কর্মীদের প্রয়োজন বিবেচনায় আর্থিক সহায়তা।
৭. আটক বা আউটপাস নিয়ে দেশে ফেরা কর্মীদের সহায়তা: কারাগার বা আটক অবস্থা থেকে মুক্তি পেয়ে কিংবা আউটপাস নিয়ে দেশে আসা কর্মীদের প্রয়োজন অনুযায়ী খাবার, পানীয় ও অন্যান্য সহযোগিতা।
বিদেশে কোনো প্রবাসী কর্মীর মৃত্যু হলে তার মরদেহ দেশে আনার পর পরিবারের কাছে হস্তান্তরের সময় পরিবহন ও দাফন খরচ বাবদ ৩৫ হাজার টাকার চেক দেওয়া হয়। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে এ সহায়তা প্রদান করা হয়।
এ ক্ষেত্রে মৃত কর্মীর পাসপোর্টের কপি, মৃত্যু সনদ, ওয়ারিশ বা পরিবার সনদ, পরিবারের সংশ্লিষ্ট সদস্যের জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়।
এ ছাড়া প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীর পরিবারকে নির্ধারিত শর্ত ও প্রয়োজনীয় কাগজপত্র সাপেক্ষে ৩ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়ার ব্যবস্থাও রয়েছে। তবে ৩৫ হাজার টাকার মরদেহ পরিবহন ও দাফন সহায়তা এবং ৩ লাখ টাকার আর্থিক অনুদান দুটি পৃথক সহায়তা।
বিদেশ থেকে অসুস্থ বা আহত অবস্থায় কোনো কর্মী দেশে ফিরলে বিমানবন্দরের কল্যাণ ডেস্কের মাধ্যমে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
প্রয়োজন অনুযায়ী অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয়। পাশাপাশি বিশেষ পরিস্থিতিতে দেশে ফেরা অসহায় কর্মীদের বাড়ি যাওয়ার জন্য আর্থিক সহায়তা দেওয়া হতে পারে।
আটক বা আউটপাস নিয়ে দেশে ফেরা কর্মীদের ক্ষেত্রেও প্রয়োজন অনুযায়ী খাবার ও পানীয় সরবরাহসহ সহযোগিতা করা হয়। এসব সেবার উদ্দেশ্য হলো বিদেশ থেকে ফেরার পর একজন কর্মী যেন বিমানবন্দরে অসহায় অবস্থায় না পড়েন।
প্রবাসী কল্যাণ ডেস্কের সহায়তা পেতে যোগাযোগ
প্রবাসী কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা যেকোনো সমস্যা বা জরুরি সহায়তার বিষয়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রবাসী কল সেন্টারে যোগাযোগ করতে পারেন। বোর্ডের ওয়েবসাইটেও বিভিন্ন সেবা, প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদনপ্রক্রিয়ার তথ্য দেওয়া রয়েছে।
যোগাযোগের নম্বর:
- বাংলাদেশ থেকে টোল-ফ্রি: ১৬১৩৫
- বিদেশ থেকে: +৮৮০৯৬১০১০২০৩০
- ওয়েবসাইট: www.wewb.gov.bd
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তথ্য অনুযায়ী, প্রবাসী কল সেন্টার সপ্তাহের ৭ দিন, ২৪ ঘণ্টা সেবা দিয়ে থাকে। তাই বিদেশে অবস্থানরত কর্মী কিংবা দেশে থাকা তাঁদের পরিবারের সদস্যরা প্রয়োজনের সময় এসব নম্বরে যোগাযোগ করে সহায়তা চাইতে পারেন।
বিদেশগামী কর্মীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করা এবং দেশে ফেরার পর জরুরি পরিস্থিতিতে পাশে দাঁড়ানোর ক্ষেত্রে বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তবে কোনো সেবা পেতে প্রয়োজনীয় কাগজপত্র ও যোগ্যতার শর্ত থাকতে পারে। এ বিষয়ে আগেই কল সেন্টার বা সংশ্লিষ্ট ডেস্ক থেকে তথ্য জেনে নেওয়া ভালো।



