
কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে ‘দ্য সি প্রিন্সেস’ নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার সময় হোটেলটিতে অবস্থান করছিলেন তিন শতাধিক পর্যটক। তবে দ্রুত সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হওয়ায় এ ঘটনায় কেউ হতাহত হননি।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে হোটেলটির নিচতলার পার্কিং এলাকায় আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও হোটেল কর্তৃপক্ষের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে হোটেলটির পার্কিং এলাকায় থাকা জেনারেটরসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন ঢাকা পোস্টকে জানান, আগুন লাগার খবর পাওয়ার পর নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটরের বৈদ্যুতিক সংযোগে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের জানান, হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে। কর্মীদের দক্ষতার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। হোটেলে অবস্থানরত পর্যটকেরা সবাই নিরাপদে রয়েছেন।
প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর উখিয়ার ইনানী এলাকায় ‘টুপটুপ’ নামের একটি রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ পর্যটকের মৃত্যু হয়। ওই ঘটনার ছয় দিনের মাথায় কক্সবাজারের আরেকটি আবাসিক হোটেলে আগুন লাগার ঘটনা ঘটল।



