ডিসেম্বরের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো চূড়ান্ত, কার্যকর জানুয়ারি থেকে
জানুয়ারি থেকে নতুন বেতন পাবেন পোশাকশ্রমিকরা, ডিসেম্বরেই চূড়ান্ত হবে কাঠামো

পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো ডিসেম্বরের মধ্যেই নির্ধারণ করা হবে বলে জানিয়েছে সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ড। আগামী বছরের জানুয়ারি থেকে নতুন বেতন কার্যকর করার বিষয়ে শ্রমিক ও মালিকপক্ষ একমত হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের প্রতিনিধিরা।
আজ বুধবার (৪ নভেম্বর) বোর্ডের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার।
তিনি বলেন, পরবর্তী বৈঠক আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে। সেখানে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা নিজেদের দাবি-দাওয়া লিখিতভাবে জমা দেবেন। ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি কাঠামো নির্ধারণের কাজ সম্পন্ন হবে এবং জানুয়ারি থেকে নতুন বেতন দেওয়ার বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে।
উৎপাদন সচল রাখতে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বাবুল আখতার বলেন, শ্রমিকদের মজুরি নির্ধারণে সরকার কাজ করছে।
বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, আগের মতো এবার আর কালক্ষেপণ করা হবে না। দ্রুততম সময়ের মধ্যে নিম্নতম মজুরির সুপারিশ করা হবে।
মালিকপক্ষের প্রতিনিধিও ডিসেম্বরের মধ্যেই বাড়তি বেতন কার্যকরের প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। এ বিষয়ে কোনো দ্বিধা নেই বলেও জানান তিনি।
উল্লেখ্য, পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার।



