গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে ক্রিকেট খেলছেন শ্রমিকরা

গাজীপুরের নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়েছেন শ্রমিকরা।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দিগন্ত সোয়েটার কারখানার সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মহাসড়কের পাশের বর্জ্য এনে সড়কের ওপর জড়ো করে তাতে আগুন ধরিয়ে দেন আন্দোলনরত শ্রমিকরা। এতে জয়দেবপুর চৌরাস্তা থেকে নাওজোড় মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শুধু বাস, ট্রাক কিংবা ব্যক্তিগত গাড়িই নয়, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচলেও বাধা দেন শ্রমিকরা। একপর্যায়ে অবরোধ করা মহাসড়কেই ক্রিকেট খেলতে দেখা যায় তাঁদের।
এদিকে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা শ্রমিকদের সঙ্গে কথা বলে আন্দোলনের কারণ জানার পাশাপাশি তথ্য, ছবি ও ভিডিও সংগ্রহের চেষ্টা করলে তাতেও বাধা দেওয়া হয়।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এর আগে সকাল ৮টার কিছু সময় আগে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকজন শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন বলে জানিয়েছিলেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।
তিনি জানান, তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোনো ধরনের সংঘাত ছাড়াই শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন। মহাসড়কের প্রতিটি পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলেও জানান তিনি।
তবে মৌচাকের ঘটনার পর নাওজোড় এলাকায় নতুন করে শ্রমিকদের সড়ক অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়েছে।




একটি মন্তব্য