প্রবাসসংযুক্ত আরব আমিরাত

আবুধাবিতে রুমমেটের ছুরিকাঘাতে বাংলাদেশি প্রবাসী যুবক নিহত

সংসারের একমাত্র ভরসা পুলককে হারিয়ে দিশেহারা পরিবার

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মাত্র ২০ দিরহাম নিয়ে বিরোধের জেরে মিশরীয় রুমমেটের ছুরিকাঘাতে পুলক নাথ নামে এক বাংলাদেশি প্রবাসী যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

গত শুক্রবার (৩০ অক্টোবর) মোছাফফা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পুলক চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের বাসিন্দা।

পরিবারের অভিযোগ, রুমমেটের চাওয়া ২০ দিরহাম দিতে রাজি না হওয়ায় পুলককে ছুরিকাঘাত করা হয়। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শনিবার পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর খবর পান।

পরিবারের বড় ছেলে পুলক নাথের কাঁধেই ছিল সংসারের পুরো দায়িত্ব। বাবার মৃত্যুর পর মা ও ছোট ভাইয়ের ভরণপোষণের দায়িত্ব নেন তিনি। তাঁর ছোট ভাই অলক প্রতিবন্ধিতা নিয়ে জীবনযাপন করছেন। পরিবারের মুখে খাবার তুলে দিতে প্রায় চার বছর আগে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান পুলক।

পরিবার সূত্রে জানা গেছে, আবুধাবির মোছাফফা এলাকায় একটি প্রতিষ্ঠানে থাই গ্লাসের কাজ করতেন পুলক। সেখানে মিশরের এক নাগরিকের সঙ্গে একই কক্ষে থাকতেন তিনি। ওই রুমমেটের সঙ্গে ২০ দিরহাম নিয়ে বিরোধ থেকেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি পরিবারের।

পুলকের ছোট ভাই অলক নাথ জানান, মিশরীয় ওই রুমমেট তাঁর ভাইয়ের কাছে ২০ দিরহাম চেয়েছিলেন। টাকা দিতে না চাওয়ায় তাঁর বুকে ছুরি চালানো হয়। পরে হাসপাতালে নেওয়া হলে পুলকের মৃত্যু হয়।

কান্নাজড়িত কণ্ঠে পুলকের মা রানী বালা বলেন, “আমার সংসারের একমাত্র আয়ের মানুষ ছিল পুলক। ছোট ছেলেটা প্রতিবন্ধী। পুলকই সংসারটাকে ধরে রেখেছিল। এখন আমাদের কে দেখবে?”

ছেলের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন রানী বালা। একই সঙ্গে দ্রুত তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তিনি।

পুলকের বোন চুমকি দেবী জানান, ভাইয়ের মৃত্যুর খবর পাওয়ার পরপরই দূতাবাসকে বিষয়টি জানানো হয়েছে। মরদেহ দ্রুত পরিবারের কাছে পৌঁছাতে সরকারের সহায়তা কামনা করেছেন তিনি।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, দূতাবাসের মাধ্যমে মরদেহ দেশে আনা যাবে। এ বিষয়ে থানার কোনো করণীয় থাকলে পুলিশ সহযোগিতা করবে।

মাত্র ২০ দিরহাম নিয়ে বিরোধের জেরে প্রবাসে পুলকের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button