যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফল নিয়ে এআইয়ের ভুয়া মানচিত্র ভাইরাল
যুক্তরাষ্ট্রের সিনেটে ডেমোক্র্যাটদের ৬৪ আসনের দাবি মিথ্যা

যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পেছনে ফেলে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ডেমোক্র্যাটিক পার্টি।
তবে দলটির ৬৪টি আসন পাওয়ার দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি মানচিত্র ভুয়া। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ওই মানচিত্রে নির্বাচনের ফলাফল ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
ফ্রান্সভিত্তিক সংবাদ সংস্থা এএফপির ফ্যাক্টচেক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, গত ৪ নভেম্বর ফেসবুকে ‘ডেমোক্র্যাটরা সিনেটে আধিপত্য বিস্তার করেছে’—এমন শিরোনামে যুক্তরাষ্ট্রের একটি মানচিত্র ছড়িয়ে পড়ে। মানচিত্রটিতে ডেমোক্র্যাটদের ৬৪টি সিনেট আসন দেখানো হয়। পরে ছবিটি স্প্যানিশ, ফরাসি, পর্তুগিজ, জার্মান ও বার্মিজসহ বিভিন্ন ভাষায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
তবে এ দাবির সঙ্গে বাস্তব নির্বাচনী ফলাফলের মিল নেই।
এএফপির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সিনেটের মোট ১০০টি আসনের মধ্যে গত ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ৩৫টি আসনে ভোট হয়। ৫ নভেম্বর পর্যন্ত ডেমোক্র্যাটরা সাতটি আসন রিপাবলিকানদের কাছ থেকে ছিনিয়ে নেয়। এতে স্বতন্ত্র দুই সিনেটর বার্নি স্যান্ডার্স ও অ্যাঙ্গাস কিংসহ দলটির আসনসংখ্যা দাঁড়ায় ৫৪টি। অন্যদিকে রিপাবলিকানদের আসন ছিল ৪৪টি। মিসিসিপি ও আলাস্কার দুটি আসনের ফল তখনো চূড়ান্ত হয়নি।
এ অবস্থায় ওই দুই আসনেও জয় পেলে ডেমোক্র্যাটদের সর্বোচ্চ আসনসংখ্যা দাঁড়াতে পারে ৫৬টি। ফলে ৬৪ আসনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।
এএফপির প্রতিবেদনে আরও বলা হয়, ইনভিড-উইভেরিফাই টুলকিটের ভেরা এআই ডিটেক্টর ভাইরাল মানচিত্রটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হওয়ার পক্ষে ‘অত্যন্ত শক্তিশালী প্রমাণ’ পেয়েছে।
উল্লেখ্য, সিনেটে ৬০টি আসন থাকলে অধিকাংশ সাধারণ আইন প্রণয়নের ক্ষেত্রে ফিলিবাস্টার প্রক্রিয়া অতিক্রম করার সুযোগ তৈরি হয়। তাই ৬৪ আসনের এমন দাবি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও ভাইরাল মানচিত্রটি নির্বাচনের প্রকৃত চিত্র তুলে ধরেনি।
অর্থাৎ, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের তথ্য থাকলেও ৬৪ আসন পাওয়ার দাবিতে ছড়িয়ে পড়া মানচিত্রটি এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর ছবি



