মক্কার দিকে হুথিদের ছোড়া ড্রোন ভূপাতিত করল সৌদি

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার দিকে ধেয়ে আসা একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট।
ড্রোনটি ইয়েমেনের হুথি বিদ্রোহীরা পাঠিয়েছে বলে অভিযোগ উঠলেও এ বিষয়ে গোষ্ঠীটির পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শুক্রবার (৬ নভেম্বর) সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ড্রোন ধ্বংসের বিষয়টি জানান।
তিনি বলেন,সৌদি আরবের মক্কা অঞ্চলে একটি ড্রোন শনাক্ত করার পর সফলভাবে প্রতিহত করেছে। তবে ড্রোনটির উৎস, লক্ষ্যবস্তু কিংবা ঘটনার বিস্তারিত আর কিছু জানাননি তিনি।
গত প্রায় দুই মাস ধরে সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার অভিযোগ সামনে আসছে।
এ সময় সৌদি আরব একাধিকবার দাবি করেছে, হুথিরা মক্কা ও মদিনা অঞ্চলেও হামলার চেষ্টা করেছে। তবে এসব অভিযোগকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে হুথিরা।
মক্কা অঞ্চলে সর্বশেষ ড্রোন ভূপাতিত করার ঘটনা নিয়েও এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি গোষ্ঠীটি।
এদিকে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইয়েমেনের সা’দা অঞ্চলে সৌদি বিমান হামলায় সাতজন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।
আরও পড়ুনঃ রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের
মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি জানান, সা’দার একটি খামারে প্রথমে হামলা চালানো হয়। পরে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছালে সেখানে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিচ্ছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। অন্যদিকে, দেশটির বড় একটি অংশের নিয়ন্ত্রণে রয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা।
সাম্প্রতিক সময়ে দুই পক্ষের মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। এর আগে বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরেও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ ওঠে হুথিদের বিরুদ্ধে।
সূত্র: আল জাজিরা



