তিন দিনের তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশগ্রহণ শেষে তুরস্কের তিন দিনের সরকারি সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে বৃহস্পতিবার তুরস্কের স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে আন্তালিয়া বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পরে ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তিনি।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন কপ-৩১-এ অংশ নেন।
এ সময় বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সম্মেলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতেও অংশ নেন তিনি।
সফরকালে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন। এ ছাড়া সম্মেলনের গ্রিন জোনে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্য ঘুরে দেখেন তিনি।
প্রধানমন্ত্রীর এ সফরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জলবায়ু অর্থায়ন ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়।



