বাসে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধরে থানায় প্রবাসী
ছিনতাইকারীকে ধরে বিপাকে প্রবাসী, ঘিরে ধরল ১৫-১৬ জন!

দুবাই থেকে দেশে ফিরে ঢাকায় ছিনতাইকারীর কবলে পড়েছেন মাহমুদুল হাসান নামে এক প্রবাসী। রাজধানীর কমলাপুর এলাকায় স্টার লাইন পরিবহনের একটি বাসে ওঠার কয়েক মিনিটের মধ্যেই জানালা দিয়ে তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে এক অভিযুক্তকে ধরে ফেলেন তিনি। পরে ১৫ থেকে ১৬ জনের একটি দল তাকে ঘিরে ধরার চেষ্টা করে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
জানা যায়, সম্প্রতি দুবাই থেকে দেশে ফেরা মাহমুদুল হাসান গতকাল নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে ঢাকায় আসেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সারাদিন চিকিৎসা নেওয়ার পর রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে কমলাপুর এলাকা থেকে স্টার লাইন পরিবহনের একটি বাসে ওঠেন তিনি।
বাসে ওঠার কয়েক মিনিট পর একটি গুরুত্বপূর্ণ ফোনকল আসায় মোবাইলে কথা বলছিলেন মাহমুদুল। এ সময় বাসের জানালার পাশে এসে এক ব্যক্তি তার হাত থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। ভুক্তভোগীর অভিযোগ, ওই ব্যক্তির নাম মোহাম্মদ লিটন। তাৎক্ষণিকভাবে তাকে ধরে ফেলেন মাহমুদুল হাসান।
এরপর মুখে মাস্ক পরা ১৫ থেকে ১৬ জনের একটি দল সেখানে এসে তাকে ঘিরে ধরে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করে বলে অভিযোগ করেন তিনি। এ সময় বাসের চালক, সুপারভাইজার ও অন্য যাত্রীরা তাকে ঘটনাস্থলে না নামার পরামর্শ দেন। তাদের ভাষ্য, ওই এলাকায় ছিনতাইকারীদের একটি বড় চক্র সক্রিয় রয়েছে।
পরিস্থিতি বিবেচনায় বাস ছাড়ার সময় হলে মাহমুদুল হাসান অভিযুক্ত ব্যক্তিকে সঙ্গে নিয়েই বাসে করে রওনা দেন। পরে যাত্রাবাড়ী এলাকা অতিক্রম করার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান তিনি।
পুলিশের পরামর্শ অনুযায়ী পরে ঘটনাটি মুগদা থানায় জানান এবং আটক ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করেন। এরপর দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা ভুক্তভোগী ও অভিযুক্ত ব্যক্তিকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান।
পুলিশের পক্ষ থেকে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী



