বিনা খরচে মালয়েশিয়ায় চাকরির সুযোগ, লটারিতে নির্বাচিত ৭০ জনের সাক্ষাৎকার কাল!
বিনা খরচে মালয়েশিয়ায় চাকরির সুযোগ দিতে নতুন করে লটারির মাধ্যমে নির্বাচিত ৭০ জন প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হবে আগামীকাল রোববার (১৫ নভেম্বর)। সকাল ৯টা থেকে এ সাক্ষাৎকার ও পরীক্ষা শুরু হবে।
নির্বাচিত প্রার্থীদের সকাল সাড়ে ৭টার মধ্যে ঢাকার প্রবাসী কল্যাণ ভবনের প্রথম তলায় প্রবাসী মিলনায়তনে উপস্থিত থাকতে হবে।
শনিবার (১৪ নভেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) উপমহাব্যবস্থাপক মোছা. নাজমুন নাহার।
তিনি জানান, লটারিতে নির্বাচিত ৭০ জন প্রার্থীর মুঠোফোনে ইতিমধ্যে বোয়েসেলের নির্ধারিত টেলিকম নম্বর থেকে ‘কংগ্র্যাচুলেশন’ বার্তাসহ এসএমএস পাঠানো হয়েছে।
পাশাপাশি প্রার্থীরা সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করেও নির্বাচিতদের তালিকায় নিজেদের নাম দেখতে পারবেন।
নাজমুন নাহার বলেন, বোয়েসেলের ওয়েবসাইট ও ফেসবুক পেজে কিছুক্ষণের মধ্যে নির্বাচিত ৭০ জনের তালিকা প্রকাশ করা হবে। সেখানে সাক্ষাৎকারের সময়, স্থান এবং প্রয়োজনীয় নির্দেশনাও জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুনঃ বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, দ্বিতীয় দফায় মনোনীত আরও ৭০ বাংলাদেশি
তিনি আরও জানান, নির্বাচিত প্রার্থীদের কাছে বোয়েসেলের নিজস্ব এসএমএস ব্যবস্থার মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র ও সঙ্গে কী কী আনতে হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাঠানো হবে।
সাক্ষাৎকারে অংশ নিতে যাওয়ার আগে প্রার্থীদের ওই বার্তায় দেওয়া নির্দেশনা ভালোভাবে দেখে নিতে হবে।
বোয়েসেলের পক্ষ থেকে নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। আগামীকাল সকাল ৯টা থেকে প্রার্থীদের সাক্ষাৎকার ও পরীক্ষা শুরু হবে।




২টি মন্তব্য