বাংলাদেশ-শ্রীলঙ্কার বাণিজ্য ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
নবায়নযোগ্য জ্বালানিতে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-শ্রীলঙ্কা

বাণিজ্য, নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশ সুরক্ষাসহ বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে একমত হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। পাশাপাশি আঞ্চলিক ও বহুপাক্ষিক পর্যায়েও দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
গতকাল বুধবার (১৮ নভেম্বর) বিকেলে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় জাতীয় সংসদ ভবনে দেশটির প্রধানমন্ত্রী ড. হারিনি আমারাসুরিয়ার কার্যালয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের বিদ্যমান সহযোগিতা আরও সুসংহত করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই দেশের উন্নয়ন উদ্যোগের মধ্যে সাদৃশ্য তুলে ধরেন। বিশেষ করে দারিদ্র্য বিমোচন, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে উভয় দেশের প্রচেষ্টার মিল রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া বেশ কিছু উদ্যোগের সঙ্গে শ্রীলঙ্কা সরকারের প্রধান কর্মসূচিগুলোর উন্নয়ন দর্শন ও লক্ষ্যের মিল রয়েছে। এ সময় তিনি বাংলাদেশের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মারস কার্ড’ কর্মসূচির কথা তুলে ধরেন। পাশাপাশি পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানো এবং ২০ হাজার কিলোমিটার খাল ও জলপথ পুনঃখননের সরকারি পরিকল্পনার বিষয়টিও উল্লেখ করেন।
তিনি জানান, এসব কর্মসূচির সঙ্গে শ্রীলঙ্কার ‘প্রজা শক্তি’ ও ‘ক্লিন শ্রীলঙ্কা’ উদ্যোগের লক্ষ্যগত মিল রয়েছে। এসব উদ্যোগের মূল উদ্দেশ্য মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, পরিবেশের টেকসই সুরক্ষা এবং সামাজিক উন্নয়ন জোরদার করা।
বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশ সুরক্ষায় সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা। অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই উন্নয়নের গুরুত্বের বিষয়েও তাঁরা একমত হন।
এ ছাড়া নিয়মিত সংলাপ ও সহযোগিতার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয়ে সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এ সময় তিনি ১৯৮২ সালে নির্মিত শ্রীলঙ্কার সংসদ ভবনও ঘুরে দেখেন।
দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদার ও সহযোগিতার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে হুমায়ুন কবিরের শ্রীলঙ্কা সফরের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

