জাতীয়

এইচএসসি ও সমমানে পাসের হার কমেছে, জিপিএ-৫ও কমেছে ৪২ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সে হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ পয়েন্ট।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গত বছর এ সংখ্যা ছিল ৬৯ হাজার ৯৭। অর্থাৎ, এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন। শতকরা হিসাবে এ হার প্রায় ৪২ শতাংশ।

শনিবার সকালে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সকাল ১১টার পর শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন বলে জানা গেছে।

প্রকাশিত ফল অনুযায়ী, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৭ দশমিক ১২ শতাংশ। সে হিসাবে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে পাসের হার কমেছে ৫ দশমিক ৫০ শতাংশ পয়েন্ট।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।

গত ২ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। অধিকাংশ শিক্ষা বোর্ডে লিখিত পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো ৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button