এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষার তারিখ জানা যাবে ৩ নভেম্বরের মধ্যে

আজ শনিবার এ তথ্য জানিয়েছেন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান। তিনি বলেন, এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষার তারিখ, ফরম পূরণের সময়সূচি এবং পরীক্ষার ফি কত হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য ৩ নভেম্বরের মধ্যে প্রকাশ করা হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের একটি সূত্র জানিয়েছে, আগামী ২ ডিসেম্বর এ পরীক্ষা নেওয়া যায় কি না, তা নিয়ে প্রাথমিক আলোচনা চলছে। একই সঙ্গে ডিসেম্বরের মধ্যেই পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে উত্তীর্ণ শিক্ষার্থীরা যেন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে।
বর্তমান নিয়ম অনুযায়ী, এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় কোনো শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে তাঁকে পরবর্তী বছর আবার পরীক্ষায় অংশ নিতে হয়। সে ক্ষেত্রে শুধু অকৃতকার্য বিষয়গুলো অথবা ইচ্ছা করলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। তবে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে শিক্ষার্থীদের প্রায় এক বছর অপেক্ষা করতে হয়। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে তাঁদের সেই অপেক্ষা কমবে।
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন। আর দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন।
আজ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী এক মাসের মধ্যে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।



