এইচএসসির ফল সন্তোষজনক নয়, শিখনপদ্ধতি পুনর্মূল্যায়নের কথা শিক্ষামন্ত্রীর

এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষার্থীদের শিখনপ্রক্রিয়ায় ঘাটতি রয়েছে, যা এবারের ফলাফলে স্পষ্ট হয়েছে। এসব ঘাটতি চিহ্নিত করে আগামী দিনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
আজ শনিবার সচিবালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
গত বছরের তুলনায় এবার পাসের হার কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, পাসের হার কমে যাওয়াকে কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করেন না তিনি। শিখনপদ্ধতিতে ঘাটতি রয়েছে। সামগ্রিকভাবে কোথায় কোথায় দুর্বলতা রয়েছে, তা পুনর্মূল্যায়ন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ দায়িত্ব তাঁদেরই।
প্রকাশিত ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, ফলাফলে কোনো ত্রুটি রয়েছে কি না, তা পুনর্মূল্যায়নের পর বোঝা যাবে।
আগামী দিনে আরও স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী চান পরীক্ষার ফল যেন সঠিকভাবে মূল্যায়ন করা হয়। মূল্যায়নের ক্ষেত্রে কেউ যেন অবমূল্যায়নের শিকার না হন।
অনুষ্ঠানে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের বিভিন্ন পরিসংখ্যান ও তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।



