প্রবাসীদের মেধা ও বিনিয়োগ কাজে লাগিয়ে উন্নত বাংলাদেশ গড়তে হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসীদের বিনিয়োগে শিল্প-কারখানা গড়ে তোলার আহ্বান প্রবাসী কল্যাণমন্ত্রীর

প্রবাসীদের মেধা, শ্রম ও বিনিয়োগ কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী। তিনি বলেছেন, প্রবাসীরা শুধু রেমিট্যান্স পাঠিয়েই দেশের অর্থনীতিতে অবদান রাখছেন না, বিদেশের মাটিতে ব্যবসা-বাণিজ্য ও শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলেও দেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি করছেন।
মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘সিআইপি (এনআরবি) সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দেশের শ্রম পরিস্থিতির কারণে সরাসরি অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলেও ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্মাননাপ্রাপ্ত সিআইপিসহ উপস্থিত সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান মন্ত্রী।
তিনি বলেন, প্রবাসীরা বাংলাদেশের গর্ব এবং অর্থনীতির অন্যতম শক্তি। পরিবার-পরিজন ছেড়ে বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে তাঁরা দেশে রেমিট্যান্স পাঠাচ্ছেন। এতে লাখ লাখ পরিবার উপকৃত হওয়ার পাশাপাশি দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে।
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে দেশটির রাষ্ট্রপতি, সরকারপ্রধান ও সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মন্ত্রী। একই সঙ্গে ভবিষ্যতে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রবাসীদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে মন্ত্রী জানান, প্রবাসীদের মর্যাদা রক্ষা ও সঠিক পরিচয় নিশ্চিত করতে সরকার ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা নিয়েছে। এর মাধ্যমে প্রবাসীরা সহজে সরকারি সেবা ও সহযোগিতা নিতে পারবেন।
সম্মাননাপ্রাপ্ত সিআইপিদের উদ্দেশে তিনি বলেন, শুধু বাড়িঘর নির্মাণে নয়, শিল্পপ্রতিষ্ঠান, কৃষি, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে আরও বেশি বিনিয়োগ করতে হবে। এর মাধ্যমে দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এ ছাড়া বিদেশের বাজারে বাংলাদেশি পণ্যের পরিধি বাড়ানো, বিভিন্ন দেশে কর্মীর চাহিদা সম্পর্কে সরকারকে তথ্য দিয়ে সহায়তা করা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রবাসীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
প্রবাসীদের নিজ নিজ দেশের আইনকানুন মেনে চলার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, তাঁদের কর্মকাণ্ডের মাধ্যমে যেন দেশের সুনাম ক্ষুণ্ণ না হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মো. আবু সুফিয়ান, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক, আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ, সংযুক্ত আরব আমিরাতের সাবেক মন্ত্রিপরিষদ সদস্য ড. আব্দুল্লাহ আল কিন্ধি এবং দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল রাশেদুজ্জামান।
সফল আয়োজনের জন্য বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানিয়ে প্রবাসীদের মেধা, শ্রম ও বিনিয়োগ দেশের উন্নয়নে কাজে লাগানোর প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রী।



