এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, দলীয় নীতিগত অবস্থান নিয়ে অসন্তোষ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
এর আগে তিনি দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে সামান্তা শারমিন জানান, প্রায় এক বছর আগে এনসিপির জোট গঠনের প্রশ্নে তিনি ভিন্ন অবস্থান নিয়েছিলেন।
এরপর গত ১১ মাসে দলের অতীত কর্মকাণ্ড বিশ্লেষণ এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিভিন্ন পর্যায়ে লিখিত অভিযোগ ও প্রস্তাব দিয়েছেন তিনি।
এ ছাড়া আলোচনা, তর্ক-বিতর্ক এবং অভ্যন্তরীণ মতাদর্শিক লড়াইয়ের মাধ্যমে দলের নীতিগত অবস্থান পরিবর্তনের চেষ্টা করেছেন বলেও জানান সামান্তা।
তার ভাষ্য, দল ভুল পথে এগোলে সেখান থেকে ফিরিয়ে আনা নিজের রাজনৈতিক দায়িত্ব মনে করেই তিনি অভ্যন্তরীণভাবে অবস্থান পরিবর্তনের চেষ্টা চালিয়েছেন।
তবে এনসিপি তার প্রতিষ্ঠাকালীন মূল্যবোধের প্রতি আর আন্তরিক থাকতে পারবে বলে মনে করছেন না তিনি।
সামান্তা শারমিন বলেন, কোনো একটি নির্দিষ্ট সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় পদত্যাগ করলে বিষয়টি সহজে ব্যাখ্যা করা যেত। কিন্তু ভবিষ্যতে জামায়াতের সঙ্গে জোট ত্যাগের মতো সিদ্ধান্ত নিলেও দলটি পুরোনো রাজনৈতিক কাঠামোর বাইরে নিজস্ব পরিচয়, চিন্তা ও কর্মসূচি তৈরি করতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
তার এই পদত্যাগের ঘোষণায় এনসিপির অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থান, দলীয় আদর্শ এবং জোট রাজনীতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।



