জাতীয়

শাহজালাল বিমানবন্দরে ই-সিগারেট-সোনাসহ ৩২ লাখ টাকার পণ্য আটক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ও নিষিদ্ধ পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

এসব পণ্যের মধ্যে রয়েছে ৯০টি ই-সিগারেট বা ভেপ, ১৬৬ কার্টন সিগারেট, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার।

গত ৬ ও ৭ নভেম্বর পরিচালিত অভিযানে জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ২ হাজার ৫০০ টাকা। রোববার (৮ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে ৬ নভেম্বর বিমানবন্দরে বিশেষ নজরদারি শুরু করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।

এ সময় কুয়ালালামপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৭ ফ্লাইটে আসা যাত্রী সুলতানা রাজিয়ার ব্যাগেজে তল্লাশি চালানো হয়।

স্ক্যানিং ও তল্লাশির একপর্যায়ে তাঁর ব্যাগ থেকে ৯০টি ই-সিগারেট বা ভেপ, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। পরে এসব পণ্য জব্দ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের তথ্য বলছে, ওই যাত্রীর পাসপোর্টে চলতি বছরের ১৩ আগস্ট ১০০ গ্রাম স্বর্ণালংকার আনার একটি এন্ট্রি রয়েছে। একই বছরে আবারও সমপরিমাণ স্বর্ণালংকার নিয়ে আসার বিষয়টি শনাক্ত হওয়ায় এবার তা আটক করা হয়।

আরও পড়ুনঃ শাহজালাল বিমানবন্দরের গোলচত্বরে পরপর ককটেল বিস্ফোরণ

এদিকে, ৭ নভেম্বর পরিচালিত আরেকটি অভিযানে কাতার থেকে আসা কিউআর-৬৪০ ফ্লাইটের ব্যাগেজ বেল্ট থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬৬ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। পরে সেগুলোও জব্দ করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।

এনবিআর জানিয়েছে, যাত্রীদের ব্যাগেজে ই-সিগারেট বা ভেপ বহনের ঘটনা সাম্প্রতিক সময়ে চোরাচালানের নতুন প্রবণতা হিসেবে দেখা যাচ্ছে।

রাজস্ব ফাঁকি রোধের পাশাপাশি নিষিদ্ধ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্যের অবৈধ প্রবেশ ঠেকাতে বিমানবন্দরে নজরদারি এবং অভিযান জোরদার করা হয়েছে। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button