প্রবাস

প্রবাসীদের জন্য ঘানায় মিলছে ই-পাসপোর্ট সেবা

পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ৩  দিনব্যাপী বিশেষ ই-পাসপোর্ট নিবন্ধন ও কনস্যুলার সেবা কার্যক্রম পরিচালনা করেছে মরক্কোয় অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

রাজধানী আক্রায় শনিবার থেকে সোমবার পর্যন্ত এ কার্যক্রম চলে। এতে পাসপোর্ট নিবন্ধন, পুরোনো পাসপোর্ট সংশোধনসহ বিভিন্ন ধরনের কনস্যুলার সেবা পেয়েছেন প্রবাসীরা।

বাংলাদেশ কমিউনিটি ঘানার সহযোগিতায় আয়োজিত এ উদ্যোগের ফলে পাসপোর্ট ও অন্যান্য কনস্যুলার সেবা নিতে আর মরক্কোর রাজধানী রাবাত পর্যন্ত যেতে হয়নি ঘানায় বসবাসরত বাংলাদেশিদের। এতে তাঁদের যাতায়াত খরচ, কর্মস্থল থেকে ছুটি নেওয়া এবং দীর্ঘ ভ্রমণের ভোগান্তি কমেছে।

ঘানায় এ কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ দূতাবাস মরক্কোর কাউন্সেলর ও দূতালয় প্রধান রাজীব ত্রিপুরা এবং তাঁর ব্যক্তিগত কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ সফর করেন। শনিবার থেকে সোমবার পর্যন্ত তাঁরা আক্রায় অবস্থান করে প্রবাসীদের বিভিন্ন কনস্যুলার সেবা দেন।

এ সময় ই-পাসপোর্টের নিবন্ধন, আগের পাসপোর্টের তথ্য সংশোধনসহ প্রয়োজনীয় সেবা দেওয়া হয়। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ, বিভিন্ন সামাজিক ও ক্রীড়া আয়োজনে অংশগ্রহণ এবং কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন দূতাবাসের কর্মকর্তারা।

ঘানায় সরাসরি কনস্যুলার সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। তাঁদের ভাষ্য, আগে পাসপোর্ট বা অন্যান্য কনস্যুলার সেবা নিতে মরক্কোর রাজধানী রাবাতে যেতে হতো। এতে বিমানভাড়া ও অন্যান্য খরচের পাশাপাশি কর্মস্থল থেকে দীর্ঘ সময়ের জন্য ছুটি নেওয়ার প্রয়োজন হতো।

এবার ঘানার রাজধানী আক্রায় সরাসরি সেবা পাওয়ায় সেই ভোগান্তি অনেকটাই কমেছে।

বাংলাদেশ কমিউনিটি ঘানার সাধারণ সম্পাদক আজাদ হোসেন বলেন, প্রবাসীদের প্রয়োজন বিবেচনায় নিয়ে দূতাবাস ও কমিউনিটি যৌথভাবে এ উদ্যোগ নিয়েছে। এ ধরনের সেবা কার্যক্রম নিয়মিত আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে রোববার সন্ধ্যায় বাংলাদেশ কমিউনিটি ঘানার উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটির সভাপতি মো. আওরঙ্গজেবের সভাপতিত্বে আয়োজিত সভায় দূতাবাসের কর্মকর্তা, কমিউনিটির নির্বাহী কমিটির সদস্য এবং প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

সভায় কমিউনিটির সহসভাপতি আলমগীর হোসেন ভবিষ্যতেও ঘানায় এ ধরনের কনস্যুলার সেবা চালু রাখার ওপর গুরুত্ব দেন।

আরও পড়ুনঃ দেশে না ফিরেই আরও ৩ দেশে এনআইডি সেবা পাবেন প্রবাসীরা

পাশাপাশি বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানো, প্রবাসীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং অনিয়মিত অভিবাসন পরিস্থিতিতে থাকা বাংলাদেশিদের জন্য আইনসম্মত কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়েও আলোচনা হয়।

সভায় ঘানায় বসবাসরত বাংলাদেশিদের দেশে ফেরার ক্ষেত্রে আর্থিক ও কাগজপত্রসংক্রান্ত সমস্যার বিষয়টিও উঠে আসে।

বাংলাদেশ কমিউনিটি ঘানার সভাপতি মো. আওরঙ্গজেব বলেন, “আর্থিক সংকটের কারণে ঘানায় অনেক বাংলাদেশি দীর্ঘদিন দেশে ফিরতে পারছেন না। আবার ভিসা ও অন্যান্য কাগজপত্রের জটিলতায়ও অনেকে দেশে ফেরার সুযোগ পাচ্ছেন না।”

এ পরিস্থিতিতে দেশে ফেরার জন্য ট্রাভেল পাস প্রয়োজন এমন ব্যক্তিদের পরিচয় ও প্রয়োজনীয় তথ্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে যাচাই করার ব্যবস্থা চালুর বিষয়টি বিবেচনা করতে দূতাবাসের প্রতি অনুরোধ জানান তিনি।

সভায় সমাপনী বক্তব্যে রাজীব ত্রিপুরা ঘানায় অবস্থানকালে বাংলাদেশ কমিউনিটি ও প্রবাসীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

ভবিষ্যতে অন্তত বছরে একবার ঘানা সফর করে প্রবাসীদের কনস্যুলার সেবা দেওয়া যায় কি না, সে বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করবেন বলে জানান তিনি।

ঘানায় এই বিশেষ সেবা কার্যক্রম প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ স্বস্তি নিয়ে এসেছে। বিশেষ করে পাসপোর্টের মেয়াদ শেষ হওয়া, তথ্য সংশোধন কিংবা নতুন ই-পাসপোর্ট নিবন্ধনের প্রয়োজনে দূতাবাসের সেবা নিতে যাঁদের দীর্ঘ পথ পাড়ি দিতে হতো, তাঁদের জন্য এ উদ্যোগ সময় ও অর্থ সাশ্রয়ের সুযোগ তৈরি করেছে। তবে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম নিয়মিত হবে কি না, তা দূতাবাসের পরবর্তী সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button