কুয়েতে অনুমোদনহীনভাবে পশু জবাই ও মাংস বিক্রির অভিযোগে এক বাংলাদেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
রাজধানী কুয়েত সিটির বাইরে কাবদ এলাকায় একটি তাঁবুর ভেতরে অবৈধ কসাইখানা পরিচালনার অভিযোগে মঙ্গলবার (২৪ নভেম্বর) তাকে আটক করা হয়।
কুয়েতের সংবাদমাধ্যম ‘আরব টাইমস’ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির নাম ও বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। দেশটির অপরাধ তদন্ত বিভাগের জাহরা গভর্নরেট শাখার কাবদ তদন্ত কার্যালয় গোপন তথ্যের ভিত্তিতে নজরদারি চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
প্রতিবেদন অনুযায়ী, তদন্তের সময় কর্মকর্তারা দেখতে পান, ওই বাংলাদেশি একটি তাঁবুর ভেতরে গবাদিপশু জবাই করছেন এবং ক্রেতাদের কাছে মাংস বিক্রি করছেন। সেখানে পশু জবাই ও মাংস বিক্রির জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য ও নিরাপত্তাব্যবস্থার ঘাটতি ছিল।
অভিযান চলাকালে ওই ব্যক্তিকে পশু জবাই ও বিক্রির কাজে নিয়োজিত অবস্থায় আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিক্রির অর্থ বলে ধারণা করা হচ্ছে, এমন কিছু নগদ টাকাও উদ্ধার করেন কর্মকর্তারা।
তদন্তে আরও জানা যায়, ওই বাংলাদেশি কুয়েতের আবাসন আইনও লঙ্ঘন করেছেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
কুয়েতে অনুমোদনহীন কসাইখানা পরিচালনা এবং স্বাস্থ্যবিধি না মেনে পশু জবাইয়ের বিরুদ্ধে নিরাপত্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে গত ২৫ অক্টোবর জাহরা গভর্নরেটের বার রাহিয়া এলাকায় দুটি অবৈধ কসাইখানা পরিচালনার অভিযোগে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। দেশটির অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তারা অভিযান চালিয়ে ওই দুই স্থাপনা থেকে তাদের আটক করেন।
আরও পড়ুনঃ পাপুয়া নিউ গিনিতে রহস্যজনকভাবে নিখোঁজ বাংলাদেশি
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই স্থাপনাগুলোতে প্রয়োজনীয় অনুমোদন ও স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই গবাদিপশু জবাই করা হতো। এমনকি সুস্থ ও অসুস্থ উভয় ধরনের পশু জবাইয়ের জন্য গ্রহণ করা হতো বলে অভিযোগ ওঠে।
অভিযানের সময় একটি স্থাপনায় পোকামাকড় ও ইঁদুরের উপস্থিতি এবং স্বাস্থ্যবিধির গুরুতর ঘাটতি পাওয়া যায়। পরে জাহরা পৌর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অবৈধ স্থাপনাগুলো অপসারণের উদ্যোগ নেওয়া হয়।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ কর্মকাণ্ড বন্ধ এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।




২টি মন্তব্য