
‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ রুটে সংস্থাটির নির্ধারিত দুটি ফ্লাইট চলাচল করবে না।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ।
বিমান জানায়, রিয়াদ রুটে তাদের নির্ধারিত বিজি-৩৩৯ ও বিজি-৩৪০ ফ্লাইট দুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। এ ফ্লাইটের যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরও জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করছে কর্তৃপক্ষ। ফ্লাইটগুলোর সময়সূচি পরিবর্তন কিংবা বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য আগামীকাল ১১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
ফ্লাইট স্থগিতের কারণে যাত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের যে ভোগান্তি তৈরি হয়েছে, তার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিমান। একই সঙ্গে ভুক্তভোগী যাত্রীদের তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ করতে অথবা নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পরবর্তী তথ্য পাওয়া মাত্রই বিমানের আনুষ্ঠানিক ওয়েবসাইট ও অন্যান্য যোগাযোগমাধ্যমে তা প্রকাশ করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি।



