প্রবাসসৌদি আরব

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। পবিত্র একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজে জড়িত থাকার দায়ে তাঁদের এই সাজা দেওয়া হয়। বুধবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আজেল নিউজ।

বিবৃতিতে বলা হয়, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিকের নাম নজরুল ইসলাম আব্দুল বাসির ও সিথি আক্তার। মক্কার একটি পবিত্র মসজিদের ভেতরে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তাঁদের আটক করা হয়েছিল। পরে তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

বিচারিক আদালত অপরাধের গুরুত্ব এবং মসজিদের পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁদের দোষী সাব্যস্ত করেন এবং মৃত্যুদণ্ডের আদেশ দেন। পরবর্তী সময়ে উচ্চ আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই রায় বহাল রাখেন। এরপর রাজকীয় ফরমান জারির মাধ্যমে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মো. হুমায়ুন কবীর কোনো মন্তব্য করতে রাজি হননি।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, দেশটির সরকার নিরাপত্তা রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মসজিদের পবিত্রতা নষ্ট করার পাশাপাশি অনৈতিক কাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ইসলামী আইন প্রয়োগে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে এ ধরনের অপরাধের চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেছে মন্ত্রণালয়।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button