
যান্ত্রিক ত্রুটির কারণে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করতে পারেনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৩৭৭। ত্রুটি শনাক্ত হওয়ার পর উড়োজাহাজটিকে নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়। বর্তমানে প্রকৌশলীরা ত্রুটি সারানোর কাজ করছেন। এ ঘটনায় প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে।
বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ ঢাকা পোস্টকে বলেন, উড়োজাহাজটির ত্রুটি সারাতে প্রকৌশলীরা কাজ করছেন। কিছুক্ষণ পর এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।
বিমানের দায়িত্বশীল সূত্র জানায়, ইঞ্জিনিয়ার সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি কারিগরি দল প্রধানমন্ত্রীর ফ্লাইটের ত্রুটি শনাক্ত ও মেরামতের চেষ্টা করছে।
ফ্লাইটের এক যাত্রী ঢাকা পোস্টকে জানান, ভিভিআইপি যাত্রীদের বহনকারী বিজি-৩৭৭ ফ্লাইটটির নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। যাত্রীদের বোর্ডিং শেষ হওয়ার পর উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়।
পরে রানওয়ের দিকে যাওয়ার সময় উড়োজাহাজটির ককপিটে স্পয়লারসংক্রান্ত ত্রুটির সংকেত দেখা যায়। এ পরিস্থিতিতে পাইলট তাৎক্ষণিকভাবে উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করেন। এরপর বিমানবন্দরের নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে সমন্বয় করে উড়োজাহাজটিকে নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়।
চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন।
এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
সফরের অংশ হিসেবে জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।
যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটির উড্ডয়ন বিলম্বিত হওয়ায় তাঁর দেশে ফেরার নির্ধারিত সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।



