
সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বাকি সাত বাংলাদেশির মরদেহ শনিবার দেশে আসছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৬ ফ্লাইটে শনিবার সকাল ৮টা ৫ মিনিটে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি কর্মী নিহত হন। তাঁদের মধ্যে ৯ জনের মরদেহ গত ২৭ আগস্ট দেশে পাঠানো হয়। বাকি সাতজনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হওয়ার পর তাঁদের মরদেহ দেশে পাঠানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৬ ফ্লাইটটি শুক্রবার রাত ১০টা ৪৫ মিনিটে জেদ্দা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার কথা রয়েছে। ফ্লাইটের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, শনিবার সকাল ৮টা ৫ মিনিটে সেটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২-এ পৌঁছাবে।
দেশে আসা সাতজনের মরদেহ হলো—মো. হাসিবুল হাসান শুভ, মিনহাজ প্রামাণিক, মো. শাহিন, মো. মাজিদুল সরদার সবুজ, মো. সাগর আলী, মোহাম্মদ শামিম এবং মো. সাবির হোসেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ব্যক্তিদের মরদেহ মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় শুরুতে তাঁদের সবার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে বাকি সাতজনের পরিচয় শনাক্ত করা হয়।
এর আগে পরিচয় শনাক্ত হওয়া নয়জনের মরদেহ দেশে আনার পর নিজ নিজ এলাকায় জানাজা ও দাফন সম্পন্ন হয়।
রিয়াদের মুসা সানাইয়া শিল্প এলাকায় অবস্থিত ওই সোফা কারখানায় স্থানীয় সময় দুপুরের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানাটিতে বাংলাদেশি কর্মীরা কাজ করতেন। অগ্নিকাণ্ডে মোট ১৬ বাংলাদেশি প্রাণ হারান। ঘটনার সময় কারখানার বাইরে থাকায় একজন বাংলাদেশি কর্মী প্রাণে বেঁচে যান।
বাকি সাতজনের মরদেহ দেশে পৌঁছানোর মধ্য দিয়ে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির সবার মরদেহ দেশে আনার প্রক্রিয়া সম্পন্ন হবে।



