কুয়েতপ্রবাস

চার বছর পর কুয়েতে আবারও চালু হচ্ছে সিভিল আইডি হোম ডেলিভারি

কুয়েতে প্রবাসীদের জন্য সুখবর, আবারও ঘরে পৌঁছে দেওয়া হবে সিভিল আইডি

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর আবারও কুয়েতে চালু হতে যাচ্ছে সিভিল আইডি কার্ডের হোম ডেলিভারি সেবা। নতুন এই উদ্যোগের ফলে নাগরিক ও প্রবাসীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যালয়ে না গিয়েই ঘরে বসে হাতে পাবেন নিজেদের সিভিল আইডি কার্ড।

কুয়েতের সংবাদমাধ্যম আরব টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দেশটির পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন বা পিএসিআই (PACI) প্রায় চার বছর আগে বন্ধ হয়ে যাওয়া এই সেবা পুনরায় চালুর প্রস্তুতি নিচ্ছে।

এ লক্ষ্যে সিভিল আইডি কার্ড বিতরণের জন্য বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে প্রাথমিক যোগ্যতা যাচাইয়ের আবেদন আহ্বান করেছে কর্তৃপক্ষ। আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে কুয়েতে বৈধভাবে নিবন্ধিত ও লাইসেন্সপ্রাপ্ত হতে হবে। পাশাপাশি থাকতে হবে বৈধ বাণিজ্যিক নথিপত্র এবং নির্ধারিত যোগ্যতা।

প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পিএসিআই পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ ফাহাদ আল-ইউসুফের নির্দেশনার পর সেবাটি পুনরায় চালু ও বিতরণব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিশেষায়িত ডেলিভারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় প্রায় চার বছর আগে সিভিল আইডি কার্ডের হোম ডেলিভারি সেবা বন্ধ হয়ে যায়।

নতুন উদ্যোগের মাধ্যমে সিভিল আইডি ইস্যু ও বিতরণ প্রক্রিয়া আরও দ্রুত করার পাশাপাশি পিএসিআই কার্যালয়ে সরাসরি যাওয়ার প্রয়োজনীয়তা কমবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

তবে কবে নাগাদ আনুষ্ঠানিকভাবে এই সেবা চালু হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি।

সেবাটি পুনরায় চালু হলে কুয়েতে বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীরা ঘরে বসেই সিভিল আইডি কার্ড সংগ্রহের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button