প্রবাসমালয়েশিয়া

মালয়েশিয়ায় গভীর রাতে ড্রোন দিয়ে ইমিগ্রেশনের সাঁড়াশি অভিযান, বাংলাদেশিসহ আটক ২০৫

মালয়েশিয়ার জোহর রাজ্যে অবৈধ অভিবাসীদের শনাক্ত করতে গভীর রাতে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন বিভাগ। সেনাই এলাকার একাধিক আবাসিক ভবনে চালানো এ অভিযানে বাংলাদেশিসহ সাতটি দেশের মোট ২০৫ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৫৭ জন নারী রয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে জোহর রাজ্যের সেনাইয়ের তামান দেসা ইদামান এলাকায় এ অভিযান শুরু হয়। জোহর রাজ্য অভিবাসন বিভাগ ও মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।

জোহর রাজ্য অভিবাসন বিভাগের উপমহাপরিচালক (অভিযান) দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, অভিযানের অংশ হিসেবে ২০ থেকে ৫৬ বছর বয়সী মোট ৫৪৩ জন বিদেশি নাগরিকের পরিচয় এবং অভিবাসনসংক্রান্ত নথিপত্র পরীক্ষা করা হয়। প্রয়োজনীয় যাচাই শেষে বিভিন্ন অভিযোগে ২০৫ জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া, নেপাল, থাইল্যান্ড, পাকিস্তান ও ভারতের নাগরিক। প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে।

অভিবাসন বিভাগের কর্মকর্তারা জানান, আটক ব্যক্তিদের অনেকের কাছেই বৈধ পরিচয়পত্র কিংবা ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি। এছাড়া কয়েকজনের বিরুদ্ধে মালয়েশিয়ায় অবস্থানের অনুমোদিত সময়সীমা অতিক্রম করার অভিযোগ রয়েছে।

অভিযান পরিচালনার সময় নিরাপত্তা ও নজরদারি জোরদার করতে ড্রোন ব্যবহার করা হয়। বিদেশি নাগরিকদের চলাচল পর্যবেক্ষণ এবং সম্ভাব্য পালানোর পথ শনাক্ত করতে আশপাশের এলাকায় প্রযুক্তির মাধ্যমে নজরদারি চালানো হয়।

এ সময় একটি আবাসিক ইউনিটেও তল্লাশি চালান কর্মকর্তারা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ইউনিটটি সংস্কার করে বিদেশি নাগরিকদের বিনোদনমূলক কর্মকাণ্ডের স্থান হিসেবে ব্যবহার করা হচ্ছিল। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযানে আটক ২০৫ জনকে পরবর্তী জিজ্ঞাসাবাদ, তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য জোহরের সেটিয়া ত্রোপিকায় অবস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (কেডিএন) কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

এদিকে জোহর রাজ্যের আবাসন ও স্থানীয় সরকারবিষয়ক নির্বাহী পরিষদের চেয়ারম্যান দাতুক মোহাম্মদ জাফনি মোহাম্মদ শুকর জানিয়েছেন, অবৈধ অভিবাসীদের উপস্থিতি রয়েছে বলে চিহ্নিত এলাকাগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে বিশৃঙ্খলা কিংবা জনদুর্ভোগের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি আরও বাড়ানো হবে।

তিনি আরও বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী দাতুক ওন হাফিজ গাজির ঘোষিত ‘মাজু জোহর’ উন্নয়ন কর্মসূচির অন্যতম উদ্দেশ্য হলো সাধারণ মানুষের জন্য নিরাপদ ও বসবাসের উপযোগী পরিবেশ নিশ্চিত করা। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করবে।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button