মানব পাচারের ক্ষেত্রে নতুন আইনেও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
সীমান্ত থেকে ১২ মাসে ৪৯৫ নারী-শিশু উদ্ধার, মানব পাচার রোধে কঠোর আইন

গত ১২ মাসে দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্ত এলাকা থেকে ৪৯৫ জন নারী ও শিশুকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহেশপুর ও ঝিনাইদহ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত এলাকা থেকে তাঁদের উদ্ধার করেন। পরে আইনি সহায়তা ও প্রকৃত অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হয় আন্তর্জাতিক বেসরকারি সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারকে।
মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ এবং দমনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে সংস্থাটি। সংশ্লিষ্টরা বলছেন, পাচারকারীদের মাধ্যমে সীমান্ত পার হলে এসব নারী ও শিশু অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হওয়ার পাশাপাশি বেআইনি চোরাচালান চক্রের ফাঁদে পড়ে জীবনঝুঁকিতে পড়তে পারতেন।
এদিকে মানব পাচার ও অভিবাসী চোরাচালানসংক্রান্ত অপরাধের মাত্রা বাড়তে থাকায় সরকার প্রণয়ন করেছে ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’। নতুন আইনে ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে অভিবাসী চোরাচালানসংক্রান্ত অপরাধকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি একক ও সংঘবদ্ধ মানব পাচারের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড ও মৃত্যুদণ্ডের সর্বোচ্চ শাস্তির বিধান বহাল রাখা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, নতুন আইন মানব পাচার ও অভিবাসী চোরাচালানের মামলা এবং ভুক্তভোগীদের সঠিকভাবে শনাক্ত করতে সহায়তা করবে। একই সঙ্গে যৌন শোষণ, জোরপূর্বক শ্রম, অপরাধমূলক শোষণ ও দাসত্বসহ বিভিন্ন ধরনের পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করবে। আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের আইন কাঠামো উন্নত করাও এ আইনের অন্যতম লক্ষ্য।
আইনটিতে মানব পাচার ও অভিবাসী চোরাচালানের সংজ্ঞা জাতিসংঘের ট্রাফিকিং ইন পারসনস (টিআইপি) প্রোটোকল এবং স্মাগলিং অব মাইগ্রেন্টস (এসওএম) প্রোটোকলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে।
নতুন আইনে অপরাধের ধরন ও ব্যাপকতা বিবেচনায় তদন্ত সংস্থাগুলোর ক্ষমতা বাড়ানো হয়েছে। এতে পাচারকারীদের ব্যাংক হিসাব জব্দ, সম্পত্তি বাজেয়াপ্ত এবং আসামির অনুপস্থিতিতে বিচার করার মতো বিধান যুক্ত হয়েছে। অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে পাসপোর্ট বা ভিসা জালিয়াতিকেও কঠোর শাস্তিযোগ্য অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বলেন, মানব পাচার ও অভিবাসী চোরাচালান বর্তমানে বৈশ্বিক সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশ এ সমস্যা সমাধানে আন্তরিক এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আইন প্রণয়নে অগ্রণী ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, ২০০০ সালে গৃহীত জাতিসংঘ কনভেনশন ও এর সম্পূরক প্রোটোকলের আলোকে সরকার ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’ প্রণয়ন করেছে।
সিনিয়র সচিব জানান, নতুন আইনে পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার পাশাপাশি ভুক্তভোগীদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে অনলাইন প্রতারণা, স্ক্যামিং ও মুক্তিপণ আদায়ের মতো আধুনিক অপরাধগুলোও আইনের আওতায় আনা হয়েছে। মানব পাচার প্রতিরোধে কঠোর আইনের পাশাপাশি জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
নতুন আইনে অপরাধভেদে শাস্তি
আইনে অপরাধের ধরন অনুযায়ী বিভিন্ন শাস্তির বিধান রাখা হয়েছে। পাচারকারীকে সম্পত্তি ব্যবহারের সুযোগ দেওয়া বা প্রয়োজনীয় নথি গোপন করে সহায়তা করলে ৩ থেকে ৭ বছরের কারাদণ্ড এবং কমপক্ষে ৩০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।
যৌন শোষণের উদ্দেশ্যে কাউকে আমদানি বা স্থানান্তর করলে ৩ থেকে ১০ বছরের কারাদণ্ড এবং কমপক্ষে ৫০ হাজার টাকা জরিমানা করা হবে। অন্যদিকে অনলাইনে চাকরির ভুয়া বিজ্ঞাপন বা অভিবাসনের নামে প্রতারণা করলে ৩ থেকে ৭ বছরের কারাদণ্ডের বিধান যুক্ত হয়েছে।
তদন্তকারী কর্মকর্তারা এখন পাচারকারীদের ব্যাংক হিসাব জব্দ এবং আয়-সম্পদ যাচাইয়ের ক্ষেত্রে ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এ ছাড়া মানব পাচার ট্রাইব্যুনালে পাচারসংশ্লিষ্ট অন্যান্য অপরাধ—যেমন আঘাত, মাদক পাচার বা যৌন সহিংসতার বিচারও একই সঙ্গে করা যাবে।
বিদেশে থাকা পাচারকারীদের সম্পদ জব্দ বা বাজেয়াপ্ত করতে আন্তর্জাতিক সহযোগিতার বিধানও জোরদার করা হয়েছে।
ভুক্তভোগী বা সাক্ষীকে হুমকি দিলে ৩ থেকে ৭ বছর এবং আপস করতে বাধ্য করলে ২ থেকে ৫ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
নতুন আইনে আরও বলা হয়েছে, পাচারের শিকার থাকা অবস্থায় কোনো ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে জাল পাসপোর্ট বহন বা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের মতো অপরাধে জড়িয়ে পড়লে তাঁকে আসামি হিসেবে গণ্য না করার বিষয়টি স্পষ্ট করা হয়েছে।
এ ছাড়া আশ্রয়কেন্দ্রে থাকা ভুক্তভোগীদের অবস্থা পর্যবেক্ষণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি ছয় মাস অন্তর প্রতিবেদন জমা দেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে।



