ইরানের হামলা প্রতিহত করল কুয়েত ও বাহরাইন, ইয়েমেনে হুতিদের ৬০ স্থাপনায় জোটের হামলা
উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা, ইরানি হামলা প্রতিহত করল কুয়েত ও বাহরাইন

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করেছে কুয়েত ও বাহরাইন। একই সময়ে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ৬০টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইয়েমেনে বৈধ সরকারকে সমর্থনকারী সামরিক জোট।
আজ বুধবার (১৮ নভেম্বর) ভোরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ।
কুয়েতের সেনাবাহিনীর জেনারেল স্টাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, ভোরে শোনা বিস্ফোরণের শব্দ শত্রুপক্ষের হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্রমের কারণে হয়েছে। এ সময় সবাইকে নিরাপত্তা ও সুরক্ষাসংক্রান্ত নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।
অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী দাবি করেছে, কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।
এ হামলার নিন্দা জানিয়েছে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়। একে দেশটির সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন এবং নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি বলে উল্লেখ করা হয়েছে। উপসাগরীয় সহযোগিতা পরিষদ—জিসিসির মহাসচিব জাসেম আল-বুদাইউইও হামলার নিন্দা জানিয়ে এ উত্তেজনা ও এর আঞ্চলিক নিরাপত্তার ওপর প্রভাবের জন্য ইরানকে দায়ী করেছেন।
এদিকে, বাহরাইন প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরান থেকে আসা বেশ কয়েকটি আকাশপথের হামলা প্রতিহত করেছে তারা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভোরে একাধিকবার সতর্কবার্তা দিয়ে সাধারণ মানুষকে নিকটবর্তী নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ঘোষণা দেওয়া হয়।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাহরাইনের সুক ওয়াকিফ এলাকার একটি বহুতল ভবন খালি করা হয়। ওই ভবনে লাগা আগুনও নিয়ন্ত্রণে আনে সিভিল ডিফেন্স। আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
অন্যদিকে, ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে সামরিক জোট। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, বুধবার ভোরে সানা, আমরান, সাদা ও হোদেইদা অঞ্চলে হুতিদের ৬০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
জোটের দাবি, এসব হামলায় ভূগর্ভস্থ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণের সুড়ঙ্গ এবং ড্রোন তৈরি ও সংরক্ষণের কর্মশালা ধ্বংস করা হয়েছে। হামলায় নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও জানানো হয়।
উল্লেখ্য, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের পর থেকে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। এর মধ্যে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর, তেল শোধনাগার এবং শুয়াইবা বিদ্যুৎ ও পানি শোধনাগারেও হামলার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।



