আয়ারল্যান্ডে বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূতের আনুষ্ঠানিক দায়িত্ব শুরু
প্রেসিডেন্ট ক্যাথরিন কনোলির কাছে পরিচয়পত্র পেশ, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও ঢাকায় আইরিশ দূতাবাস স্থাপনের আহ্বান

আয়ারল্যান্ডে বাংলাদেশের প্রথম আবাসিক রাষ্ট্রদূত হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন মোহাম্মদ নূরে আলম। দেশটির প্রেসিডেন্ট ক্যাথরিন কনোলির কাছে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে তিনি দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
মঙ্গলবার ডাবলিনে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রেসিডেন্টের সরকারি বাসভবন আরাস অ্যান উখতারাইনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রদূত নূরে আলম তাঁর পরিচয়পত্র পেশ করেন।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত নূরে আলম প্রেসিডেন্ট কনোলি ও আইরিশ জনগণের কাছে বাংলাদেশের জনগণ ও সরকারের শুভেচ্ছা পৌঁছে দেন। পাশাপাশি বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকেও শুভেচ্ছা জানান তিনি।
রাষ্ট্রদূত বলেন, স্বাধীনতার পরপরই ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ড বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ডাবলিনে বাংলাদেশের আবাসিক দূতাবাস প্রতিষ্ঠা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক এবং দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন অধ্যায়ের সূচনা।
তিনি আয়ারল্যান্ডের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরেন। একই সঙ্গে ঢাকায় একটি আবাসিক আইরিশ দূতাবাস স্থাপনের আহ্বান জানান।
সহযোগিতার সম্ভাবনাময় ক্ষেত্র
বাণিজ্য ও বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু কার্যক্রম, স্বাস্থ্যসেবা, উচ্চশিক্ষা, সংস্কৃতি এবং জনগণের মধ্যে যোগাযোগকে দুই দেশের সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন রাষ্ট্রদূত।
বিশেষ করে বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিয়োগে উৎসাহ দিতে এবং স্বাস্থ্যসেবা ও প্রযুক্তিসহ গুরুত্বপূর্ণ খাতে আয়ারল্যান্ডের কর্মী চাহিদা পূরণে সহায়তা করতে বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন ট্যালেন্ট পার্টনারশিপ কর্মসূচিতে আয়ারল্যান্ডকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
বাংলাদেশের সুলভ শ্রমশক্তি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগ সুবিধা কাজে লাগিয়ে আইরিশ বিনিয়োগকারীরা বিভিন্ন খাতে বিনিয়োগ করতে পারেন বলেও উল্লেখ করেন নূরে আলম। তৈরি পোশাকের পাশাপাশি ওষুধশিল্প, জাহাজ নির্মাণ, সবুজ জ্বালানি এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি।
রাষ্ট্রদূতের মতে, প্রায় ১৮ কোটি মানুষের সম্প্রসারণশীল ভোক্তা বাজার বাংলাদেশের জন্য আইরিশ পণ্য ও সেবা রপ্তানির নতুন সুযোগ তৈরি করতে পারে।
জলবায়ু ও আন্তর্জাতিক ইস্যুতে সহযোগিতার প্রত্যাশা
ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের সভাপতিত্ব সফলভাবে পরিচালনার জন্য আয়ারল্যান্ডকে অভিনন্দন জানান রাষ্ট্রদূত। ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের অভিন্ন অবস্থানের কথাও তুলে ধরেন তিনি।
প্রেসিডেন্ট ক্যাথরিন কনোলি বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতকে আন্তরিকভাবে স্বাগত জানান। একই সঙ্গে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন।
তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক ফোরামে দুই দেশের ঘনিষ্ঠ সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন। দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন গতি আনতে নিয়মিত উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপরও গুরুত্ব দেন আইরিশ প্রেসিডেন্ট ।
ডাবলিনে বাংলাদেশের আবাসিক দূতাবাস প্রতিষ্ঠার পর নূরে আলমের দায়িত্ব গ্রহণ দুই দেশের কূটনৈতিক যোগাযোগ, বাণিজ্য ও জনশক্তি সহযোগিতা সম্প্রসারণে নতুন সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।



