ইরানে নতুন হামলা নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর উত্তপ্ত ফোনালাপ!
ইরানে আবার হামলা চান নেতানিয়াহু, রাজি নন ট্রাম্প!

ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু করা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে মতপার্থক্য ক্রমেই স্পষ্ট হচ্ছে। এ নিয়ে ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম। তবে ফোনালাপে উত্তেজনার খবর অস্বীকার করেছে নেতানিয়াহুর দপ্তর।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহান্তে দুই নেতার মধ্যে এ ফোনালাপ হয়। ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, ইরান এবং দেশটির বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর সম্ভাবনা নিয়ে দুই নেতার মধ্যে মতপার্থক্য দেখা দেয়।
কথোপকথন সম্পর্কে অবগত কয়েকটি সূত্র ফোনালাপটিকে কঠিন ও সংঘাতপূর্ণ বলে বর্ণনা করেছে। তাদের একজন একে ‘নরকের মতো চিৎকার-চেঁচামেচির কথোপকথন’ বলে অভিহিত করেছেন।
তবে এ খবর প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহুর দপ্তর। তাদের দাবি, ফোনালাপে কোনো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়নি। প্রতিবেদনটিকে ‘ভুয়া খবর ও সম্পূর্ণ ভিত্তিহীন’ বলেও উল্লেখ করেছে তারা। ইসরায়েলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাও ফোনালাপের বিষয়টি নিশ্চিত করলেও কথোপকথন কঠোর ছিল না বলে দাবি করেছেন।
এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু করতে ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করছেন নেতানিয়াহু। এ উদ্দেশ্যে তিনি মার্কিন প্রেসিডেন্টকে ‘প্রতিদিন’ ফোন করছেন বলে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তির বরাতে জানানো হয়।
নেতানিয়াহুর এই তৎপরতায় উদ্বেগ প্রকাশ করেছেন আরব ও মুসলিম নেতারা। নতুন করে সামরিক অভিযান শুরুর পরিবর্তে কূটনৈতিক আলোচনাকে অগ্রাধিকার দিতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
এদিকে গত সোমবার ট্রাম্প বলেন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ উপসাগরীয় মিত্ররা ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চায় না। সংঘাতের অবসানে ইতিবাচক অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, ইরানে নতুন করে মার্কিন হামলার সম্ভাবনা ‘খুবই কম’ বলে মনে হচ্ছে।
মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও জানান, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান আবার শুরু করার তাৎক্ষণিক কোনো প্রয়োজন দেখছে না ওয়াশিংটন। তার মতে, অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের লক্ষ্য অর্জিত হচ্ছে। তবে ইরান যুক্তরাষ্ট্রের নির্ধারিত ‘রেড লাইন’ অতিক্রম করলে জবাব দিতে মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে বলেও সতর্ক করেন তিনি।
অন্যদিকে কাতার জানিয়েছে, মধ্যস্থতার উদ্যোগ নিয়ে ওয়াশিংটন ও তেহরান—উভয় পক্ষের কাছ থেকেই ইতিবাচক সাড়া পেয়েছে তারা। তবে কোনো চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়। এরপর কূটনৈতিক তৎপরতা এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত আলোচনায় চূড়ান্ত সমাধান আসেনি।



