১৭ দেশে প্রবাসীদের কাছে ৩০ হাজার এনআইডি পাঠাল নির্বাচন কমিশন
বিদেশে বসেই এনআইডি পাচ্ছেন প্রবাসীরা

বিদেশে বসেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। বিশ্বের ১৭টি দেশে অবস্থিত বাংলাদেশ মিশনের মাধ্যমে প্রবাসীদের কাছে ৩০ হাজার ১৮৩টি এনআইডি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, ইতালিসহ বিভিন্ন দেশের বাংলাদেশ মিশনে এসব কার্ড পাঠানো হয়েছে।
ইসির প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ১৮ মে থেকে চলতি বছরের ২ নভেম্বর পর্যন্ত এসব এনআইডি পাঠানো হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ১২ হাজার ৩৪টি এনআইডি পেয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা। দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রের প্রবাসীরা পেয়েছেন ৫ হাজার ২৭৭টি কার্ড। এছাড়া যুক্তরাজ্যে ৪ হাজার ২৪৪টি এবং সৌদি আরবে ২ হাজার ১৮৯টি এনআইডি পাঠানো হয়েছে। অন্যদিকে, সবচেয়ে কম ১২৩টি এনআইডি পেয়েছেন অস্ট্রেলিয়াপ্রবাসীরা।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিশ্বের ১৭টি দেশের ২৭টি কেন্দ্রে ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন মোট ১ লাখ ৮ হাজার ২০৬ জন প্রবাসী বাংলাদেশি। এর মধ্যে ৬৫ হাজার ৯৫৯ জনের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়েছে।
যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ৫০ হাজার ৫৪৫টি এনআইডি আপলোড করা হয়েছে। আরও ৩ হাজার ৭১৬টি কার্ড আপলোডের অপেক্ষায় রয়েছে।
নির্বাচন কমিশন ২০২৩ সালের ১৮ মে প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করে। চলতি বছরের ২০ জুন পর্যন্ত বিভিন্ন বাংলাদেশ মিশনের মাধ্যমে ২২ হাজার ১৮টি এনআইডি ছাপিয়ে পাঠানো হয়েছিল। পরবর্তী সময়ে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ১৮৩টিতে।
প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার সুযোগ সম্প্রসারণে নির্বাচন কমিশনের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এর ফলে বিদেশে অবস্থান করেও প্রবাসীরা নিজ দেশের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া এবং জাতীয় পরিচয়পত্র পাওয়ার সুযোগ পাচ্ছেন।



