প্রবাস

১৭ মাস কাজ করেও ওঠে না বিদেশযাত্রার খরচ!

বিদেশে গিয়ে দেড় বছর কাজ, তবু কাটে না ঋণের বোঝা

বিদেশে চাকরি করতে যেতে একজন বাংলাদেশি কর্মীকে যে পরিমাণ অর্থ ব্যয় করতে হয়, তা তুলতে লেগে যায় কমপক্ষে ১৭ মাস। অর্থাৎ বিদেশে যাওয়ার পর প্রায় দেড় বছর কাজ করেও অনেক কর্মীর পক্ষে অভিবাসন ব্যয়ের টাকা পুরোপুরি তুলে আনা সম্ভব হয় না।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২০ সালের অভিবাসন ব্যয় জরিপের তথ্যের ভিত্তিতে ২০২৪ সালে প্রকাশিত এক বিশ্লেষণে এমন চিত্র তুলে ধরেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। এতে বলা হয়েছে, বিদেশে চাকরি পেতে একজন বাংলাদেশি কর্মীর যে অর্থ ব্যয় হয়, তা পুষিয়ে নিতে কমপক্ষে ১৭ মাস সময় প্রয়োজন।

তবে এই হিসাবের বাইরেও রয়েছে নানা আর্থিক চাপ। পরিবারের কাছ থেকে নেওয়া ঋণের সুদ, দেশে রেখে যাওয়া স্বজনদের ভরণপোষণ এবং বিদেশে কর্মীর নিজের থাকা-খাওয়াসহ দৈনন্দিন ব্যয়—সব মিলিয়ে প্রকৃত ঋণমুক্ত হতে আরও দীর্ঘ সময় লেগে যেতে পারে।

বিদেশে যাওয়ার ব্যয়ের ভয়াবহ চিত্র উঠে এসেছে গবেষণা সংস্থা ভেরিতের (Verité) ২০২৪ সালের বাংলাদেশ-মালয়েশিয়া অভিবাসন ব্যয়বিষয়ক গবেষণায়ও। গবেষণায় অংশ নেওয়া মালয়েশিয়াগামী বাংলাদেশি কর্মীরা চাকরি পেতে গড়ে প্রায় ৫ হাজার মার্কিন ডলার ব্যয় করেছেন। এই অর্থের বড় অংশ জোগাড় করতে অনেক কর্মীকে একাধিক উৎস থেকে ঋণ নিতে হয়েছে।

যদিও ভেরিতের এই গবেষণার তথ্য শুধু বাংলাদেশ-মালয়েশিয়া অভিবাসন করিডরের ক্ষেত্রে প্রযোজ্য, তবু এটি বিদেশে কর্মসংস্থানের জন্য বাংলাদেশি শ্রমিকদের উচ্চ আর্থিক ঝুঁকির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। বিশেষ করে স্বল্প বেতনের চাকরির আশায় বিপুল অর্থ ব্যয় করে বিদেশে যাওয়া কর্মীদের জন্য এই ব্যয় অনেক সময় দীর্ঘমেয়াদি ঋণের বোঝায় পরিণত হয়।

ফলে বিদেশে যাওয়ার পরপরই পরিবারের আর্থিক অবস্থার উন্নতি হওয়ার যে প্রত্যাশা থাকে, বাস্তবে তা পূরণ হতে দেরি হয়। অনেক ক্ষেত্রে প্রবাসী কর্মীর প্রথম দেড় বছর কিংবা তারও বেশি সময়ের আয় চলে যায় বিদেশযাত্রার খরচ ও ঋণ পরিশোধে।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button