আন্তর্জাতিক

আটক বা গ্রেপ্তার হলেও পরোয়া নেই, দিল্লির পথে অভিজিৎ

ভারতের দিল্লির যন্তর মন্তরে প্রস্তাবিত ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শহরজুড়ে প্রায় ২৫ হাজার পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। দিল্লির সীমান্ত, রেলস্টেশন, বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। এ ছাড়া ৪৫টি মেট্রো স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এমন পরিস্থিতিতে বিক্ষোভে যোগ দিতে দিল্লির পথে রওনা হওয়ার আগে গ্রেপ্তার বা আটক হওয়ার বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে।

দিল্লিতে পৌঁছানোর পর তাঁকে আটক করা হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে অভিজিৎ বলেন, ‘তারা যদি আমাকে আটক বা গ্রেপ্তার করতে চায়, করুক। আমি তার জন্য প্রস্তুত। আমাকে গ্রেপ্তার করুক বা আটক করুক, তাতে আমার কিছু যায়-আসে না।’

ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

মুম্বাই থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন অভিজিৎ। এএনআই প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে আয়োজিত বিক্ষোভে অংশ নিতে তিনি দিল্লি যাচ্ছেন।

দিল্লির উদ্দেশে রওনা হওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টেও নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সমালোচনা করেন অভিজিৎ। সেখানে তিনি লেখেন, ‘যন্তর মন্তর ২.০ শুরু হয়ে গেছে। জ্ঞানেশ কুমার, ভোট চুরিতে আপনার সহায়তা করার দিন শেষ হয়ে গেছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button