
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ শনিবার তিনি দেশে ফেরেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সফরের প্রথম পর্যায়ে সেনাপ্রধান অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’-এ অংশ নেন।
সফরকালে তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত ডিকিন ইউনিভার্সিটি পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়টির সঙ্গে বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষা ও গবেষণাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং শিক্ষাবিষয়ক বিনিময় কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন।
অস্ট্রেলিয়া সফর শেষে সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’-এ অংশ নেন।
এ ছাড়া সফরকালে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন সেনাবাহিনী প্রধান। তিনি দুই দেশের বিভিন্ন সামরিক স্থাপনাও পরিদর্শন করেন।
আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, এই সফরের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পাশাপাশি ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিকের (ইউএসএআরপিএসি) বিদ্যমান পেশাগত সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে পারস্পরিক সহযোগিতা, প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।



