গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী

অভাবের কারণে গর্ভের সন্তান বিক্রি করার কথা ভাবছিলেন আঁখি। তাঁর স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ। চিকিৎসার খরচ ও সংসার চালাতে গিয়ে ঋণের বোঝায় জর্জরিত পরিবারটি। সম্প্রতি গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশের পর আঁখি ও তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রতিবেদনটি প্রকাশের দিনই পরিবারটির খোঁজ নিতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রীর নির্দেশনার পর দ্রুত আঁখি ও তাঁর পরিবারের সন্ধান করা হয়। মাত্র এক ঘণ্টার মধ্যে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেওয়া হয়।
খোঁজ নিয়ে জানা যায়, আঁখি তৃতীয়বারের মতো মা হতে চলেছেন। তাঁর স্বামী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হলেও দীর্ঘদিন ধরে অসুস্থ। স্বামীর চিকিৎসা এবং সংসারের ব্যয় মেটাতে গিয়ে পরিবারটি ঋণগ্রস্ত হয়ে পড়েছে। সেই ঋণ পরিশোধের অসহায় চেষ্টা থেকেই অনাগত সন্তানকে বিক্রি করার মতো কঠিন সিদ্ধান্তের কথা ভাবতে বাধ্য হন আঁখি।
পরিবারটির আর্থিক সংকটের বিষয়টি জানার পর তাদের সহায়তায় এগিয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় গত রোববার আঁখি ও তাঁর পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাকা হয়।
সেখানে পরিবারের হাতে এক লাখ টাকার একটি চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি আঁখির সন্তান প্রসবের যাবতীয় খরচ বহন এবং পরিবারের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনটি থেকে আঁখির পরিবারের অসহায়ত্বের বিষয়টি জানার পর প্রধানমন্ত্রীর এ উদ্যোগ নেওয়া হয়। আর্থিক সহায়তার পাশাপাশি সন্তান প্রসবের খরচ বহন ও কর্মসংস্থানের আশ্বাসের মধ্য দিয়ে পরিবারটির সংকট মোকাবিলায় পাশে থাকার কথা জানানো হয়েছে।



