মালদ্বীপে একদিনের ব্যবধানে দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাঁদের একজন প্রায় ১০ বছর ধরে দেশটিতে কর্মরত ছিলেন।
অন্যজন পরিবারের স্বচ্ছলতার স্বপ্ন নিয়ে মালদ্বীপে পাড়ি জমিয়েছিলেন মাত্র ১ মাস আগে। দুই প্রবাসীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
সোমবার (৯ নভেম্বর) রাতে হাইকমিশনের পক্ষ থেকে তাঁদের মৃত্যুর বিষয়টি জানানো হয়। নিহতরা হলেন জয়পুরহাটের মো. দুলাল হোসেন (৫০) এবং কিশোরগঞ্জের মো. কামরুল ইসলাম (৫২)।
হাইকমিশন ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী মালের একটি হাসপাতালে মারা যান দুলাল হোসেন। তিনি জয়পুরহাট সদর উপজেলার জগদীশপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
দুলালের ভাগনে মো. হাফেজুল ইসলাম জানান, জীবিকার সন্ধানে প্রায় ১০ বছর আগে মালদ্বীপে যান তাঁর মামা। সেখানে বৈধ কাগজপত্র ছাড়াই রাজধানী মালের বিভিন্ন দোকানে কাজ করতেন তিনি।
গত ৫ নভেম্বর রাতে খাবার খেয়ে ওয়াশরুম থেকে ফিরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দুলাল। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের আর্থিক সহায়তায় মঙ্গলবার (১০ নভেম্বর) দুলাল হোসেনের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
অন্যদিকে, মালদ্বীপে মারা যাওয়া আরেক বাংলাদেশি কামরুল ইসলামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুল শহিদের ছেলে।
কামরুলের স্ত্রী হোসনে আরা বেগম জানান, কয়েক দিন ধরেই তাঁর স্বামী শারীরিক অসুস্থতার কথা বলছিলেন। পরে অবস্থার অবনতি হলে গত ৬ নভেম্বর সকালে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন বিকেলেই তাঁর মৃত্যুর খবর পান পরিবারের সদস্যরা।
আরও পড়ুনঃ ওমানে বেতন কাটার খবরে আতঙ্কিত প্রবাসীরা
স্বামীকে হারিয়ে দুই সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন হোসনে আরা। তিনি জানান, অনেক স্বপ্ন নিয়ে চড়া সুদে ঋণ করে স্বামীকে মালদ্বীপে পাঠিয়েছিলেন। কিন্তু সেখানে যাওয়ার মাত্র এক মাসের মাথায় তাঁকে হারাতে হয়েছে।
শেষবারের মতো স্বামীর মুখ দেখতে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকার ও বাংলাদেশ হাইকমিশনের জরুরি সহযোগিতা চেয়েছেন তিনি।
হাইকমিশন জানিয়েছে, কামরুল ইসলামের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
মালদ্বীপে দুই বাংলাদেশির অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম। তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এদিকে, একই সময়ে দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যেও শোকের আবহ তৈরি হয়েছে।




একটি মন্তব্য