জাতীয়

‘প্রবাসীদের কথা ও সমস্যা তুলে ধরবে প্রবাস ২৪’: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসীদের জীবনযাপন, সাফল্য, সম্ভাবনা ও নানা সমস্যা তুলে ধরবে প্রবাস ২৪

প্রবাসীদের জীবনযাপন, সাফল্য, সম্ভাবনা ও নানা সমস্যা গণমাধ্যমে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে অনলাইন নিউজ পোর্টাল ‘প্রবাস ২৪’।  

নতুন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, প্রবাসীদের কথা ও তাঁদের বাস্তব সমস্যাগুলো মানুষের সামনে তুলে ধরতে গণমাধ্যমের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে অনলাইন নিউজ পোর্টাল ‘প্রবাস২৪’ টিমের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান অপরিসীম। তাঁদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রবাসীদের এই অবদানের জন্য দেশ ও জাতি তাঁদের কাছে ঋণী।

তিনি বলেন, প্রবাসীদের জীবন, তাঁদের নানা সমস্যা এবং অবদানের কথা বিভিন্ন গণমাধ্যমে যেভাবে তুলে ধরা প্রয়োজন, অনেক সময় সেভাবে উঠে আসে না। ফলে প্রবাসীদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় সাধারণ মানুষের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরেও আসে না।

 নুরুল হক নুর আশা প্রকাশ করেন, ‘প্রবাস ২৪’ প্রবাসীদের জীবনযাপন, কর্মপরিবেশ, সাফল্য, সম্ভাবনা ও নানা সমস্যার কথা গুরুত্বের সঙ্গে তুলে ধরবে। একই সঙ্গে প্রবাসীদের সমস্যা ও দাবি যথাযথ কর্তৃপক্ষের সামনে উপস্থাপন করে সমাধানের পথ তৈরিতে ভূমিকা রাখবে।  

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রবাস ২৪’ তাদের সংবাদ ও বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে প্রবাসী এবং দেশের মানুষের কাছে প্রয়োজনীয় তথ্য তুলে ধরবে। প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সামনে আনার পাশাপাশি তাঁদের কল্যাণে সংবাদমাধ্যমটি কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।

  প্রবাসীদের অবদান, অধিকার ও জীবনসংগ্রামের কথা তুলে ধরার লক্ষ্য নিয়ে ‘প্রবাস ২৪’-এর এই যাত্রা। প্রবাসী ও দেশের মানুষের মধ্যে তথ্যের সেতুবন্ধন তৈরি এবং প্রবাসীদের সমস্যা-সম্ভাবনাকে জাতীয় আলোচনায় গুরুত্ব দেওয়াই হবে সংবাদমাধ্যমটির অন্যতম অঙ্গীকার।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button