ইউরোপপ্রবাস

বৈধভাবে কাজ করেও রেহাই পাননি বাংলাদেশি প্রবাসী, পরিচয় যাচাইয়ে মিলল মুক্তি

অভিবাসনবিরোধী অভিযানে যুক্তরাজ্যে বৈধভাবে কাজের অনুমতি থাকা সত্ত্বেও আটক করা হয়েছিলেন এক বাংলাদেশি কর্মী। পরে তার বোন পরিচয়পত্র নিয়ে রেস্তোরাঁয় পৌঁছালে নথি যাচাই করে তাকে ছেড়ে দেন অভিবাসন কর্মকর্তারা।

নানু মিয়া নামের ওই বাংলাদেশি কর্নওয়ালের ক্যামবোর্ন শহরের ‘সুলতানজ’ নামের একটি ভারতীয় রেস্তোরাঁয় খাবার প্যাকেট করার কাজ করেন। সম্প্রতি রেস্তোরাঁটিতে অভিবাসন কর্মকর্তাদের অভিযানের সময় তাকে আটক করা হয়েছিল।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ সোমবার প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে এ ঘটনা তুলে ধরেছে। ব্যুরো অব ইনভেস্টিগেটিভ জার্নালিজমের সঙ্গে যৌথভাবে করা অনুসন্ধানটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (হোম অফিস) কাছে তথ্য অধিকার আইনে করা আবেদনের জবাবে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে তৈরি।

প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের শেষ সপ্তাহে ক্যামবোর্নের ওই রেস্তোরাঁয় অভিযান চালান অভিবাসন কর্মকর্তারা। সে সময় রেস্তোরাঁয় ক্রেতারা খাবার খাচ্ছিলেন। এমন অবস্থায় সাধারণ পোশাকের একটি ভ্যানে করে সেখানে উপস্থিত হন কর্মকর্তারা।

রেস্তোরাঁটির মালিক সামসু আলী জানান, ছয় বছর ধরে ব্যবসা পরিচালনা করা প্রতিষ্ঠানটিতে এমন অভিযান তার কাছে একধরনের ‘অনুপ্রবেশ’ বলে মনে হয়েছে। কর্মকর্তারা ভেতরে ঢোকার পর কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ রান্নাঘরের দিকে, আবার কেউ সামনের কিংবা পেছনের দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করেন।

সামসু আলীর দাবি, অভিযানের সময় কর্মকর্তাদের কাছে কোনো পরোয়ানা ছিল না। তারা রেস্তোরাঁয় ঢুকে কর্মীদের পরিচয় জানতে চান। এ সময় খাবার প্যাকেট করার দায়িত্বে থাকা নানু মিয়াও নিজের পরিচয় দেন। তবে ভাষাগত সমস্যার কারণে কর্মকর্তারা তার কথা বুঝতে পারছিলেন না। একপর্যায়ে তাকে হাতকড়া পরিয়ে ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।

পরে নানু মিয়ার বোন তার পরিচয়পত্র নিয়ে রেস্তোরাঁয় পৌঁছান। নথি যাচাই করে কর্মকর্তারা নিশ্চিত হন, যুক্তরাজ্যে কাজ করার বৈধ অনুমতি রয়েছে তার। এরপর নানু মিয়াকে ছেড়ে দেওয়া হয়।

রেস্তোরাঁর মালিকের অভিযোগ, সেখানে অভিবাসন আইন লঙ্ঘনের কোনো ঘটনা না পাওয়া গেলেও অভিযানের কারণে ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে। অভিযানের পর থেকে ক্রেতাদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এ ঘটনা নিয়ে স্থানীয় একটি ফেসবুক গ্রুপে আলোচনার সময় বর্ণবাদী ও হুমকিমূলক মন্তব্যও করা হয়েছে বলে জানান তিনি।

গার্ডিয়ানের অনুসন্ধানে যুক্তরাজ্যে অভিবাসনবিষয়ক অভিযানের ব্যাপকতা নিয়েও উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, গত বছর দেশটিতে কর্মস্থল, বাসাবাড়িসহ বিভিন্ন স্থানে আকস্মিক তল্লাশি চালিয়ে মোট ২৩ হাজার ৫৩৮টি অভিবাসনবিষয়ক অভিযান পরিচালনা করা হয়। সে হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ৬০টি অভিযান হয়েছে।

তবে এসব অভিযানের ১৫ হাজার ৫৭৮টিতে কাউকে গ্রেপ্তার করা হয়নি। অর্থাৎ মোট অভিযানের ৬৬ দশমিক ১ শতাংশ ক্ষেত্রেই গ্রেপ্তারের ঘটনা ঘটেনি।

অভিযানে কোনো স্থাপনায় প্রবেশের ক্ষেত্রে পরোয়ানা ব্যবহারের হারও ছিল তুলনামূলক কম। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এ ধরনের অভিযানের মাত্র ২৫ দশমিক ৮১ শতাংশ ক্ষেত্রে পরোয়ানা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ প্রায় তিন-চতুর্থাংশ অভিযান হয়েছে পরোয়ানা ছাড়াই।

যুক্তরাজ্যের সাবেক অভিবাসন কর্মকর্তা কেভিন বার্কার বলেন, অনেক সময় দুর্বল গোয়েন্দা তথ্য কিংবা যাচাই না করা অভিযোগের ভিত্তিতেও অভিযান চালানো হয়। তার মতে, এ ধরনের তথ্যের ভিত্তিতে তল্লাশির পরোয়ানা চাওয়ার কথা নয়। কিন্তু বাস্তবে কর্মকর্তারা অনেক সময় সেই বিষয়টি উপেক্ষা করেন।

আরও পড়ুনঃ ব্রুনেইয়ে বাংলাদেশি শ্রমিকের সঙ্গে প্রতারণা, ৫ বছরের জেলের সঙ্গে ৬ বেত্রাঘাতও বহাল!

এ পরিস্থিতিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির উপনেতা মোথিন আলী। তার মতে, অভিবাসন নিয়ন্ত্রণের নামে পরিচালিত এসব অভিযান মানুষের অধিকার ক্ষুণ্ন করছে এবং বর্ণবাদী হয়রানির পরিবেশ তৈরি করছে। পরোয়ানা ব্যবহারের হার কম হওয়ায় অভিযানের বৈধতা নিয়েও প্রশ্ন উঠছে বলে তিনি মনে করেন।

তবে নির্বিচারে তল্লাশি চালানোর অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক মুখপাত্রের দাবি, অভিযান পরিচালনার আগে গোয়েন্দা তথ্য যথাযথভাবে যাচাই করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, অবৈধভাবে শ্রমিক নিয়োগের অভিযোগে অভিযান ও গ্রেপ্তারের সংখ্যা বাড়িয়েছে যুক্তরাজ্য সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে লেবার পার্টি সরকার গঠনের পর থেকে অবৈধভাবে কাজ করার অভিযোগে বিদেশি নাগরিকদের গ্রেপ্তারের সংখ্যা আগের দুই বছরের তুলনায় ১২২ শতাংশ বেড়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্রের দাবি, সাধারণ নির্বাচনের পর থেকে যুক্তরাজ্যের ইতিহাসে সর্বোচ্চ মাত্রায় অভিবাসনবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এ সময়ে অবৈধভাবে কাজ করার অভিযোগে গ্রেপ্তারের সংখ্যা ১২২ শতাংশ এবং অভিযান ১১১ শতাংশ বেড়েছে। ২০২৬ সালেও অভিবাসন অভিযান ও গ্রেপ্তারের সংখ্যা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button