মালয়েশিয়ায় সব ধরনের শরণার্থীকে কাজের সুযোগ দেওয়ার আহ্বান
শ্রমবাজারে অন্তর্ভুক্তির মাধ্যমে মানবপাচার ও শ্রম শোষণের ঝুঁকি কমানোর প্রস্তাব

পেশাগত যোগ্যতা কিংবা দক্ষতার ধরন বিবেচনা না করে মালয়েশিয়ায় বসবাসরত শরণার্থীদের আইনগতভাবে কাজের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির মানবাধিকার সংগঠন তেনাগানিতা।
সংগঠনটির মতে, শরণার্থীদের কাজের অধিকার নিশ্চিত করা হলে তাঁরা নিজেদের ও পরিবারের ভরণপোষণ করতে পারবেন। একই সঙ্গে মানবপাচার, জোরপূর্বক শ্রম এবং কর্মক্ষেত্রে শোষণের ঝুঁকিও কমবে।
তেনাগানিতার নির্বাহী পরিচালক গ্লোরিন এ দাস বলেন, বিশেষায়িত দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন শরণার্থীদের যাচাই-বাছাই করে কাজের সুযোগ দেওয়ার বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রস্তাবকে স্বাগত জানায় সংগঠনটি। তবে এ উদ্যোগ আরও বিস্তৃত করে পূর্ণাঙ্গ কর্মসংস্থান নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন। সেখানে কারিগরি দক্ষতা, বাস্তব কাজের অভিজ্ঞতা এবং শ্রমনির্ভর বিভিন্ন খাতে কাজ করতে সক্ষম শরণার্থীদেরও অন্তর্ভুক্ত করতে হবে।
এক বিবৃতিতে গ্লোরিন বলেন, শরণার্থীরা তাঁদের ঘরবাড়ি ও দেশ হারিয়েছেন, কিন্তু দক্ষতা, জ্ঞান, প্রতিভা, স্বপ্ন কিংবা মানবিক মর্যাদা হারাননি।
তিনি উল্লেখ করেন, শরণার্থীদের মধ্যে চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, দক্ষ কারিগরি কর্মী, উদ্যোক্তা, হস্তশিল্পী ও অভিজ্ঞ শ্রমিক রয়েছেন। কিন্তু আইনগতভাবে কাজের সুযোগ না থাকায় তাঁদের অধিকাংশের দক্ষতা ও সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না।
গ্লোরিন জানান, কয়েক দশক ধরে তেনাগানিতা শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের আইনগতভাবে কাজের অধিকার দেওয়ার পক্ষে কাজ করছে। কাজের সুযোগ না থাকায় অনেক শরণার্থী দারিদ্র্য, শ্রম শোষণ ও জোরপূর্বক শ্রমের শিকার হচ্ছেন। পাশাপাশি দীর্ঘমেয়াদি মানবিক সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন।
তাঁর মতে, আইনগতভাবে কাজের সুযোগ পেলে শরণার্থীরা নিজেদের পরিবারের ভরণপোষণের পাশাপাশি নতুন করে জীবন গড়ে তুলতে পারবেন। একই সঙ্গে মালয়েশিয়ার অর্থনীতিতেও অবদান রাখতে পারবেন। এতে মানবপাচার ও শ্রম শোষণের ঝুঁকি থেকে তাঁদের সুরক্ষা দেওয়াও সহজ হবে।
তিনি আরও বলেন, শরণার্থীদের কর্মসংস্থানের সুযোগ দিলে স্থানীয় নাগরিকদের কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত না করেও বিভিন্ন খাতের শ্রমিক সংকট মোকাবিলা করা সম্ভব। পাশাপাশি নিয়োগকর্তাদের জবাবদিহি নিশ্চিত করা এবং সরকারি নজরদারি বাড়ানোর সুযোগ তৈরি হবে।
এ লক্ষ্যে সরকারের প্রতি একটি স্বচ্ছ, সহজলভ্য ও পূর্ণাঙ্গ কর্মসংস্থান কাঠামো তৈরির আহ্বান জানিয়েছে তেনাগানিতা। প্রস্তাবিত কাঠামোয় কারা কাজের যোগ্য হবেন, সে বিষয়ে সুস্পষ্ট নীতিমালা, ন্যায্য মজুরি, শ্রমিক অধিকার সুরক্ষা, আইনি প্রতিকার এবং বৈষম্য ও শোষণ প্রতিরোধের নিশ্চয়তা রাখার কথা বলা হয়েছে।
নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে শরণার্থী জনগোষ্ঠী, শরণার্থীদের নেতৃত্বাধীন সংগঠন, নাগরিক সমাজের প্রতিনিধি, জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা, নিয়োগকর্তা ও শ্রমিক ইউনিয়নের সঙ্গে অর্থবহ আলোচনা এবং পরামর্শেরও আহ্বান জানিয়েছে সংগঠনটি।
গ্লোরিন বলেন, ‘কাজের অধিকার কোনো দাতব্য সহায়তা নয়। এটি মানুষের মর্যাদা, স্বনির্ভরতা, সুরক্ষা এবং সমাজে অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার পথ।’
তাঁর মতে, মালয়েশিয়ার নাগরিকদের স্বার্থ রক্ষা এবং শরণার্থীদের মানবিক মর্যাদা নিশ্চিত করার মধ্যে একটিকে বেছে নেওয়ার প্রয়োজন নেই। যথাযথ নীতিমালা, কার্যকর প্রশাসন ও প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা থাকলে একই সঙ্গে উভয় লক্ষ্য অর্জন সম্ভব।
প্রধানমন্ত্রীর প্রস্তাবটি যেন বাস্তবভিত্তিক নীতিগত সংস্কারে রূপ নেয়, সেই প্রত্যাশাও জানিয়েছেন তেনাগানিতার নির্বাহী পরিচালক। শরণার্থীদের সম্ভাবনাকে স্বীকৃতি দিয়ে মালয়েশিয়ার অর্থনীতি ও সমাজে তাঁদের অর্থবহ অবদানের সুযোগ তৈরির আহ্বান জানান তিনি।



